.jpeg)
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 27 March 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: মহিলা যাত্রীদের সুবিধায় আগেই চালু হয়েছে লেডিস স্পেশ্যাল। লোকাল ট্রেনেও মহিলাদের (women passengers) জন্য একটির বদলে দুটো বগি করা হয়েছে। তাতেও দিনের বেলা যেন লেডিস বগিতে (ladies, coach) পা ফেলার জো নেই। ফলে লোকাল ট্রেনে মহিলাদের জন্য আরও একটি বগি দেওয়ার দাবি ছিলই। সূত্রের খবর, মহিলা যাত্রীদের সেই দাবি শীঘ্রই পূরণ হতে চলেছে।
শিয়ালদহ ডিভিশন (Sealdah branch trains) সূত্রের খবর, এবার শিয়ালদহ শাখার লোকাল ট্রেনগুলিতে মহিলাদের জন্য আরও একটি করে বগি যুক্ত করা হবে। শুরুতে নতুন ট্রেনগুলিতে (সর্বাধুনিক থ্রি-ফেজ আইসিএফ রেকগুলি) মহিলা যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে এই ব্যবস্থা কার্যকরী করা হবে। পরে শিয়ালদহ ডিভিশনের সমস্ত ট্রেনে এই বিশেষ সুবিধা যুক্ত হবে।
গত বছরের শেষ থেকে সমস্ত লোকাল ট্রেনের বগি বা কোচের সংখ্যা ১২ করা হয়েছে। এর মধ্যে দুটি করে মহিলা ও ভেন্ডারদের জন্য সংরক্ষিত ছিল। রেলের এক কর্তা বলেন, "দিনকে দিন মহিলাযাত্রীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই মহিলা যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করেই আরও একটি করে লেডিস বগি প্রতিটি ট্রেনে শীঘ্রই যুক্ত করা হবে।"
এর ফলে মহিলাযাত্রীরা উপকৃত হবেন। রেল সূত্রের খবর, শুধু মহিলা কামরা বা কোচ বৃদ্ধি করা নয়, সেই সঙ্গে নিরাপত্তাতেও বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে। অনেক সময়ই মহিলা কামরায় পুরুষেরা উঠে পড়েন। এই প্রবণতা ঠেকাতে এবার আরও বেশি করে ধরপাকড় চালানো হবে বলেও রেল সূত্রের খবর।