
শেষ আপডেট: 23 December 2023 13:24
দ্য ওয়াল ব্যুরো: বড়দিন উপলক্ষ্যে অন্যান্যবারের মতো এবারেও ক্রিসমাস-স্পেশাল ট্রেন চালাবে হাওড়া ডিভিশন। রেল সূত্রে জানানো হয়েছে, এবারে বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর থেকে তিন জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। হাওড়া-বর্ধমান এবং হাওড়া-কাটোয়া রুটে চলবে এই স্পেশাল ট্রেন।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “বড়দিনের উৎসবকে কেন্দ্র করে এই সময় প্রচুর মানুষ কলকাতায় আসেন। এই সময় ব্যান্ডেল, বর্ধমান, তারকেশ্বর, কাটোয়া, নবদ্বীপ রুটে মানুষের অত্যদিক ভিড় থাকে। তাই যাত্রী সাধারণের সুবিধার্থে সংশ্লিষ্ট রুটে বড়দিন উপলক্ষ্যে স্পেশাল ট্রেন চালানো হবে।”
পূর্ব রেল সূত্রে জানা গেছে, বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর সকাল ৫ টা ১০ মিনিটে গোঘাট স্টেশন থেকে স্পেশাল এই ট্রেন ছাড়বে। হাওড়ায় পৌঁছবে সকাল ৭ টা ৪০ মিনিটে। একইভাবে ওইদিনই বিকেল ৫টা ৩৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে রাত ৮টা ৫ মিনিটে গোঘাট স্টেশনে পৌঁছবে।
২৪ ডিসেম্বর আরও একটি ইএমইউ স্পেশাল ট্রেন বর্ধমান স্টেশন থেকে সকাল ৫ টা ২০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে সকাল ৭ টা ৪০ মিনিটে। হাওড়া স্টেশন থেকে বিকেল ৫ টা ১৫ মিনিটে ছেড়ে ওই ট্রেনটি সন্ধ্যে ৭ টা ৪০ মিনিটে বর্ধমান স্টেশনে পৌঁছবে।
কাটোয়া-হাওড়া রুটেও চালানো হবে একটি ইএমইউ স্পেশাল ট্রেন। সকাল ৫টা ২০ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে হাওড়া পৌঁছবে সকাল ৮টা ৩০ মিনিটে। হাওড়া থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে ওই ট্রেনটি কাটোয়া পৌঁছবে রাত ৮ টা ৩০ মিনিটে।
এছাড়াও, রবিবার টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে বাড়তি ট্রেন চালানো হবে। সাধারণত, রবিবার অন্যান্য দিনের তুলনায় কম সংখ্যক ট্রেন চলাচল করে। রেলের তরফে জানানো হয়েছে, টেট পরীক্ষার জন্য রবিবার সপ্তাহের অন্যান্য দিনের মতোই ইএমইউ ট্রেন চালানো হবে।