দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন ধরে চলা দাঙ্গার পরে সদ্য শান্ত হচ্ছে রাজধানী দিল্লি। এরই মধ্যে শনিবার সকালে অফিস টাইমে মেট্রো স্টেশনের বাইরে শোনা গেল উস্কানিমূলক স্লোগান। রাজীব চৌক মেট্রো স্টেশনে দাঁড়িয়ে একদল যুবক স্লোগান দিচ্ছিল, “দেশ কি গদ্দারোঁ কো, গোলি মারো...”। এর অর্থ
দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, এদিন বেলা ১০ টা বেজে ৫২ মিনিট নাগাদ ছ’জন স্লোগান দিচ্ছিল। মেট্রোর কর্মী ও নিরাপত্তারক্ষীরা তাদের আটক করেছেন। মেট্রো চত্বরে যে কোনও ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ।
এর আগে উত্তর-পূর্ব দিল্লিতে দাঙ্গার আগে ওই স্লোগানটি ব্যবহার করা হয়েছিল। সম্প্রতি বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, অপর বিজেপি নেতা অভয় বর্মার মুখে শোনা গিয়েছে ওই স্লোগান।
দিল্লির দাঙ্গায় মারা গিয়েছেন ৪২ জন। ৭৯টি বাড়ি, ৫২টি দোকান, পাঁচটি গোডাউন, তিনটি কারখানা, চারটি মসজিদ ও দুটি স্কুল ভেঙে বা জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া গাড়ির সংখ্যা এখনও হিসেব করে ওঠা সম্ভব হয়নি।
দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম ( সিট )-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গত রবিবার রাতে থেকে দিল্লির উত্তর-পূর্ব অংশের জাফরাবাদ, কর্দমপুরী, করওয়াল নগর, মৌজপুর, ভজনপুরা, গোকুলপুরী প্রভৃতি এলাকায় যে সংঘর্ষ হয়েছে সেই কাজে কারা যুক্ত তাদের চিহ্নিত করতে হবে। তারপরে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে।
দিল্লি পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এই সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার ব্যাপারে ১০০০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ৬৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। জানানো হয়েছে, এই হিংসায় ঠিক কী পরিমাণে সম্পত্তি নষ্ট হয়েছে তার পরিসংখ্যানে সময় লাগবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে কয়েকশ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এই ক্ষেত্রে পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাহায্য নেওয়া হবে বলেও জানা গিয়েছে।