
শেষ আপডেট: 7 September 2023 10:43
দ্য ওয়াল ব্যুরো: ‘খবর ছিল’ ছিপ ছিপে তরুণীর মাধ্যমে ব্যঙ্কক থেকে কলকাতায় পাচার হচ্ছে সোনা (Gold is being smuggled in Kolkata) ! বিমানবন্দরে তৈরি ছিলেন শুল্ক দফতরের কর্তারাও। সন্দেহভাজন তরুণী বিমান থেকে নামতেই এয়ারপোর্টে তাকে পাকড়াও করে শুরু হল তল্লাশি।
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, সম্প্রতি এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে কলকাতায়। কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, সাম্প্রতিক অতীতে এমন একাধিক ঘটনা ঘটেছে বলে শুল্ক দফতর সূত্রের খবর। এক আধিকারিকের কথায়, “আজ পর্যন্ত কোনও সুন্দরীকে ভ্যানিটি ব্যাগে পটল রাখতে দেখেছেন? সম্প্রতি বিমান বন্দরে এক তরুণীর ব্যাগে থাকা এমনই পটল তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর বিদেশি মুদ্রা!”
সূত্রের খবর, অতীতে কোকেন বা হেরোইন পাচার কারবারীরা এভাবেই পুলিশের চোখে ধুলো দিয়ে পাচারের চেষ্টা করত। মাঝেমধ্যে ধরাও পড়ত। ইদানীং একাধিকবার সোনা এবং বিদেশি মুদ্রা পাচারের ঘটনা সামনে আসছে। গরু এবং কয়লা পাচারের ঘটনা সামনে আসার পর এরাজ্যে সোনা এবং বিদেশি মুদ্রার পাচার চক্র সক্রিয় হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।
তাঁদের মতে, এতদিন দেশের মধ্যে সোনা পাচারের অন্যতম করিডর হিসেবে চিহ্নিত ছিল মুম্বই। সম্প্রতি কলকাতা থেকে যেভাবে সোনা এবং বিদেশি মুদ্রা পাচারের অভিনব পদ্ধতি সামনে এসেছে তাতে বাংলাতেও সোনা ও বিদেশি মুদ্রার পাচারকারীদের রমরমা বাড়ছে বলেই মনে করছেন তদন্তকারীরা।
তাঁদের মতে, যেভাবে পাচারের স্টাইল বদলাচ্ছে তাতে এর পিছনে বড় কোনও চক্র জড়িত থাকতে পারে। ইতিমধ্যে সন্দেহভাজন বেশ কয়েকজনকে জেরা করে এবিষয়ে কিছু তথ্যও পেয়েছেন শুল্ক দফতরের কর্তারা। তাঁর ভিত্তিতে শুরু হয়েছে তদন্তও।
শুধু কলকাতা বিমানবন্দর নয়, সীমান্তেও সক্রিয় ওই পাচার চক্র। বুধবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৪৫ লক্ষ টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে বিএসএফ। বাজেয়াপ্ত করা ৬ টি সোনার বিস্কুটের ওজন ৬৫০গ্রাম!
উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশ তারালি সীমান্ত থেকে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছেন জওয়ানেরা। সূত্রের খবর, এই পথ দিয়েই দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ হয়ে ভারতীয় সীমন্ত সুরক্ষা নজর এড়িয়ে তারালি এলাকায় সোনা ঢোকায় পাচারকারী। গোপন সূত্রের খবর পেয়ে আগে থেকেই তৈরি ছিলেন জওয়ানেরা।
রাতের দিকে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা সন্দেহভাজন এক পাচারকারীকে ধাওয়া করলে সোনার বিস্কুট ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা হয় ৬টি সোনার বিস্কিট। ইতিমধ্যে বিএসএফের তরফে সোনার বিস্কুটগুলো তেতুলিয়া শুল্ক দফতরে হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার নেপথ্যে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী।
আরও পড়ুন: রাজ্যপাল সই না করলেও ১ বৈশাখ বাংলা দিবস হবেই, বিধানসভায় নাম বিতর্কে মুখ্যমন্ত্রী