দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় সোনার দামে বড় পতন। গয়নার সোনার (২২ ক্যারাট) ১০ গ্রামের দাম একদিনে কমল ৩,১৩০ টাকা। গত তিনদিনে পতন ৪,৩৬০ টাকা।
গত দু'দিন একটু একটু করে সোনার দাম কমেছিল। কিন্তু বুধবার বড় পতন। মঙ্গলবার বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি জানিয়েছে রাশিয়া। মনে করা হচ্ছে তারই প্রভাব পড়েছে সোনার বাজারে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বিনিয়োগকারীরা সোনার উপরেই বেশি নির্ভর করছিলেন। করোনা ভ্যাকসিন বের হওয়ার খবরে সেই চিত্র কিছুটা হলেও বদলেছে। আর তার জের আন্তর্জাতিক সোনার বাজারে। প্রভাব পড়েছে ভারতেও।
এদিন কলকাতা-সহ দেশের চার বড় শহরেই প্রতি ১০ গ্রাম সোনার দাম ২ হাজার টাকার কাছাকাছি কমেছে। এদিন চেন্নাইতে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয় ৫৪,৬৮০ টাকা। যেটা কদিন আগেই ৬০ হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছিল। এদিন মুম্বইতে একই পরিমাণ সোনার দাম হয় ৫২,৪০০ টাকা। দিল্লিতে ৫৪,৫০০ এবং কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয় ৫৩,৪৫০ টাকা। ২৪ ক্যারাটের সঙ্গে সঙ্গে সব শহরেই ২২ ক্যারাট সোনার দামও কমেছে।
এক ভাবে বাড়তে বাড়তে কলকাতায় ৯ অগস্ট ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয় ৫৬,৫১০ টাকা। ১১ ও ১২ অগস্ট এই দর যথাক্রমে ৬১০ ও ৬২০ টাকা করে কমে। এদিন বড় পতন। কমেছে ১,৮৩০ টাকা। তবে এদিন কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম অনেক বেশি কমেছে। কমেছে ৩,১৩০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম গত তিনদিনে মোট ৪,৩৬০ টাকা কমে হয়েছে ৫০,৭৫০ টাকা।
ভারতে সোনার দাম বাড়া বা কমা মূলত আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করে। কারণ, বড় পরিমাণে সোনা আমদানি করে ভারত। করোনা আবহে গোটা বিশ্বেই সোনার দাম উর্ধমূখী হয়। সেই সময়ে বিশেষজ্ঞরা বলেন, সব দেশেই বিনিয়োগকারীরা এখন সোনাকেই নির্ভরযোগ্য মনে করছেন। শেয়ার বাজার স্থিতিশীল না হওয়ার কারণে সকলেই চাইছেন সোনায় নিরাপদ বিনিয়োগ। এর ফলেই সোনার দাম বাড়ছে। বিশেষজ্ঞদের দাবি, যতই বিতর্ক থাক, রাশিয়ার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা মানুষের মধ্যে স্বস্তি তৈরি করেছে। স্বস্তিতে বিনিয়োগকারীরাও। তারই প্রভাব পড়েছে বাজারে।