
শেষ আপডেট: 8 April 2024 17:34
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পরিবারের সবাই দোতলার ঘরে। একতলায় ঘরে ঢুকে আলমারি খুলে হীরে, সোনার গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেল চোর! দিনের বেলায় চুরির ঘটনায় শোরগোল পড়ল চুঁচুড়া টালিখোলার সিংহ বাড়িতে।
টালিখোলার বাসিন্দা শ্যামল সিংহ সকালে ঘুম থেকে ওঠেননি তখন। তার স্ত্রী অঞ্জনা সিংহ পুজো করছিলেন। মেয়ে সংযুক্তা স্কুল শিক্ষিকা। নিজের ঘরে লেখালেখি করছিলেন। পরিবারসূত্রে জানা গেছে, ঘরের সামনের দরজা বন্ধ ছিল। খোলা ছিল বাড়ির পিছনের দরজা। সেই দরজা দিয়ে ঢুকে ঘরে থাকা আলমারি খুলে হীরের কানের দুল, আংটি ও নগদ পনেরো হাজার টাকা এবং এটিএম কার্ড নিয়ে যায় চোর।
পুজো শেষ করে প্রতিদিনের মতো নীচে নামেন গৃহকর্ত্রী। ঘরের ভিতর আলমারি খোলা দেখে অবাক হয়ে যান। দেখেন ভিতরে থাকা লাল ব্যাগ উধাও। তাঁর চিৎকারে নীচে নেমে আসেন পরিবারের লোকজন। ছুটে আসেন পড়শিরাও। শ্যামলবাবুর ফোন পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
স্থানীয়রা জানিয়েছেন, যে সময় চুরি হয়েছে সেই সময় টালিখোলায় ভিক্ষা করতে এসেছিল এক মহিলা। তার দিকেই সন্দেহের তির। তবে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরের খোঁজ শুরু করেছে।