দ্য ওয়াল ব্যুরো : বিজেপির ৪০ বছর পূর্তি উপলক্ষে সোমবার দলের সদস্যদের সামনে ভাষণ দিলেন সভাপতি জে পি নাড্ডা। কোভিড ১৯ সংকটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, তার প্রশংসা করলেন তিনি। তাঁর কথায়, “কোভিড ১৯ সংক্রমণের ফলে বিশ্ব জুড়ে সংকট চলছে। এই অবস্থায় মোদী যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, তা সর্বত্র প্রশংসিত হয়েছে।” এর পরে তিনি বলেন, “করোনা সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য সারা পৃথিবী এখন মোদীর দিকে তাকিয়ে আছে।”
দলের কর্মীদের উদ্দেশে নাড্ডা বলেন, “বিজেপির ৪০ বছর পূর্তি হল। এই উপলক্ষে দলের প্রত্যেক কর্মীকে ৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে হবে। একইসঙ্গে তাঁরা পিএম কেয়ার ফান্ডে ১০০ টাকা করে দেবেন।”
পরে তিনি বলেন, “আমাদের জন্য যে পুলিশকর্মী, ডাক্তার, নার্স, ব্যাঙ্কের অফিসার ও পোস্টম্যানরা কাজ করে চলেছেন, তাঁদের ধন্যবাদ দিচ্ছি।” এর আগে নাড্ডা টুইট করে বলেন, “আমি দলের কর্মীদের কাছে অনুরোধ জানাচ্ছি, স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে কৃতজ্ঞতা জানান।” এর পরেই তিনি বলেন, “লকডাউনের ফলে যাঁরা কঠিন অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন, তাঁদের প্রতি সহমর্মিতা জানাতে একবেলার খাওয়া ত্যাগ করুন।”
প্রবীণ বিজেপি নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “জন্মের ৪০ বছরের মধ্যে বিজেপি দেশের সবচেয়ে বড় ও শক্তিশালী দল হয়ে উঠেছে। তা এখন ভারতের গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। এর জন্য দলের কোটি কোটি কর্মীই দায়ী।”
বিজেপির উত্তরপ্রদেশ শাখা দলের ৪০ বছর পূর্তি উপলক্ষে শুরু করেছে সই সংগ্রহ অভিযান। করোনার বিরুদ্ধে যাঁরা যুদ্ধ করছেন, তাঁদের ধন্যবাদ জানাতেই সই সংগ্রহ করা হচ্ছে।
১৯৮০ সালের ৬ এপ্রিল ভুতপূর্ব জনসংঘের নেতারা ভারতীয় জনতা পার্টি তৈরি করেন।