
শেষ আপডেট: 9 November 2021 06:01
দ্য ওয়াল ব্যুরো: ভ্যাকসিন (Vaccine) নিয়েই কোটিপতি! শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটেছে এমনই ঘটনা। ভ্যাকসিন নিয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন ২৫ বছর বয়সী এক সিডনিবাসী।
মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতা বাড়াতে ও ভ্যাকসিন নিতে আগ্রহী করতে অস্ট্রেলিয়ায় ভ্যাকসিনের লাকি ড্র শুরু করা হয়েছিল। ভ্যাকসিন নিলেই আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে ওই লাকি ড্র পুরস্কারের জন্য। সেখান থেকেই ভাগ্য নির্ধারণ হবে আপনার। জেতার সম্ভাবনা ছিল কোটি টাকা। সেই লাকি ড্রয়ে নাম উঠল জোয়ান ঝু নামে এক সিডনির বাসিন্দার।
আরও পড়ুন: বেড়েই চলেছে সোনার দাম, জানুন কলকাতার বাজারে আজকের দাম
লাকি ড্রয়ে জিতে নেওয়া টাকার পরিমাণ ১ মিলিয়ন ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৭.৪ কোটি টাকা। এই টাকা জিতে খুশি জোয়ান। এই টাকা পাওয়ার খবর পেতেই পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা করে ফেলেছেন তিনি।
তিনি জানান, 'এই টাকা দিয়ে আমি পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। যদি সীমান্ত খুলে যায় তাহলে একসঙ্গে চিনে নববর্ষ পালন করব পরিবারের সঙ্গে। বাকি টাকা বিনিয়োগ করব। যাতে ভবিষ্যতে আরও অর্থ উপার্জন করতে পারি। লোকের সাহায্য করব।'
অস্ট্রেলিয়ার মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বাড়াতে দেশের সমাজসেবী দল ও কোম্পানিগুলো যৌথভাবে এই উদ্যোগ নেয়। ১ মিলিয়ন অর্থ পুরস্কারের পাশাপাশি ১০০০ ডলারের ১০০টি গিফট কার্ডও ছিল পুরস্কারের তালিকায়।