
শেষ আপডেট: 8 November 2023 21:09
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘায় মাছের বাজারে হুড়োহুড়ি পড়ে গেল পর্যটকদের। বুধবার দুপুরের দিঘার মোহনায় দেখা মিলল দৈতাকার কই ভোলার। ওই মাছ এতটাই বড়, যে বাজারের আনতে হিমশিম খেতে হয়েছে মৎস্যজীবীদের। পরে ঠ্যালা থেকে নামাতে প্রায় চার পাঁচজনকে ছুটে আসতে হয়েছিল।
যেমন বড় মাথা, তেমনই দাবনবীয় চেহারা। গায়ের রঙ ধূসর। মৎসজীবীরা জানিয়েছেন, এই মাছের ওজন প্রায় ১৭০ কেজি। এদিন মাছটি ৭০ হাজার টাকা দরে নিলাম হয়েছে। ওড়িশার পারাদ্বীপে মাছটি ধরা পড়ে। সেখানে থেকে এক মাছ ব্যবসায়ী বুধবার দিঘার মোহনায় মাছের বাজারের নিয়ে আসেন।
মাছ নিয়ে তিনি বাজারের ঢুকতেই সাড়া পড়ে যায়। মাছ দেখতে তখন উপচে পড়ে ভিড়। পর্যটকরা যাঁরা মাছ কিনতে বাজারে এসেছিলেন, তাঁরা উৎসুক হয়ে নিলামের জায়গায় ছুটে যান।
এর আগে দু'বার দিঘায় এমন দৈত্যাকার কই ভোলা ধরা পড়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওষুধের উৎপাদনের বাজারের এই ধরণের মাছের বিশেষ চাহিদা রয়েছে। মূলত এই মাছ গভীর সমুদ্রই মেলে। বিদেশে এই মাছে রফতানি হয়।