
ঘুটিয়ারি শরিফ স্টেশনে আগুন।
শেষ আপডেট: 8 September 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো: স্টেশনের প্ল্যাটফর্মের একাধিক দোকানে আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়াল শিয়ালদহ দক্ষিণ শাখার ঘুটিয়ারি শরিফ স্টেশনে।
রবিবার সকাল ১০ নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্মের দোকানে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে বিধ্বংসী আকার নেয়। ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণের ক্যানিং শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল ১০টা নাগাদ ঘুটিয়ারি শরিফ স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তে তা আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়ে।
দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে রবিবার ছুটির দিন হওয়ায় অন্যদিনের তুলনায় স্টেশনে লোক কম ছিল।
এরপরই যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে শিয়াদহ-ক্যানিং সংশ্লিষ্ট রুটের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। সূত্রের খবর, আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে।