
ফাইল ছবি।
শেষ আপডেট: 8 November 2023 11:08
দ্য ওয়াল ব্যুরো: সন্ধে নামলেই কেউ যেন ছাদের উপর অনবরত ইঁট ফেলছে! রাতভর বিকট শব্দে ঘুমতে পাড়তেন না বাসিন্দারা। তাঁদের দাবি, সাহস সঞ্চয় করে সকলে মিলে ছাদে গিয়েও কাউকে দেখতে পাননি। এর পর থেকেই ভূতের আতঙ্ক চেপে বসেছিল হুগলির পোলবার ভুয়াগাছি দক্ষিণ পাড়ায়।
আতঙ্কে গ্রাম ছাড়ছিলেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে গত বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছয় বিজ্ঞানমঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। বৃহস্পতিবার রাতভর তাঁরা সংশ্লিষ্ট বাড়িটিতে ছিলেনও। তবে কোনও শব্দ শুনতে পাননি তাঁরা।
বিজ্ঞানমঞ্চের ওই কেন্দ্রের সম্পাদক সন্দীপ সিংহ জানান, “অসৎ উদ্দেশ্য থেকেই কেউ হয়তো ছাদের উপর কিছু দিয়ে আঘাত করেছে। যার ফলে বাসিন্দারা ওই শব্দ থেকে ভূতের আতঙ্কে ভুগছিলেন। আমরা অবশ্য কোনও শব্দ শুনতে পাইনি।”
বিজ্ঞানমঞ্চের সদস্যরা যাওয়ার পর কেটেছে একটা রাত। সেই শব্দ আর শুনতে পাননি কেউই। তবু বাসিন্দাদের মধ্যে তাড়া করে বেড়াচ্ছে আতঙ্ক। আবার যদি ফিরে আসে!
স্থানীয় সূত্রের খবর, গত কয়েকদিন ধরে অন্ধকার হলেই ভৌতিক আওয়াজ শুরু হচ্ছিল স্থানীয় বাসিন্দা উত্তম বিশ্বাসের একতলা বাড়ির ছাদ থেকে। বাসিন্দারা জানিয়েছেন, যেন ছাদে একসঙ্গে অনেক মিস্ত্রি কাজ করছে। ইটের আওয়াজ, মশলা মাখানোর আওয়াজ। অথচ সকলে মিলে ছাদে গিয়েও কারও দেখা মেলেনি। আতঙ্কে গ্রামের একাংশ বাসিন্দা বাড়ি ছেড়ে আতে্মীয় বাড়িতেও চলে যান।
সন্দীপ বলেন, "প্রয়োজনে আমরা আবারও ওই গ্রামে যাব। বাসিন্দাদের বলে এসেছি, একটু সাহস সঞ্চয় করে থাকুন। তাহলেই অসৎ ব্যক্তি পিছু হঠতে বাধ্য।"