
শেষ আপডেট: 23 April 2023 13:57
দ্য ওয়াল ব্যুরো: মাইকেল শ্যুমাখারকে (Michael Schumacher) চেনেন না এমন লোকের সংখ্যা খুবই কম। সাতবারের বিখ্যাত ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন ২০১৩ সালের দুর্ঘটনার পর আর জনসমক্ষে আসেননি। তাঁকে নিয়ে কৌতূহলের সীমা নেই ফর্মুলা ওয়ান প্রেমীদের মধ্যে। তাই শ্যুমাখারের কোনও সাক্ষাৎকার যদি কোনও পত্রিকায় প্রকাশিত হয় তাহলে সেই ম্যাগাজিনের চাহিদা কোন পর্যায় পৌঁছবে তা সহজেই অনুমান করা যায়। হয়তো এমনটাই ভেবেছিলেন এক জার্মান ম্যাগাজিনের সম্পাদক। সেই কারণেই নিজের সম্পাদিত ম্যাগাজিনে (German Magazine) ছেপে ফেললেন শ্যুমাখারের এক সাক্ষাৎকার! আর তাতেই চাকরি গেল তাঁর।
কী অবাক হলেন? যাঁরা ফর্মুলা ওয়ান নিয়ে খোঁজ খবর রাখেন তাঁরা জানেন যে শ্যুমাখার ২০১৩ সালে ডিসেম্বরে একটি দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান। সেই থেকে তিনি জেনেভার কাছে নিজের বাড়িতে গৃহবন্দি। হাঁটা চলা, কথা বলা সবকিছু এখনও পুরোপুরি ঠিক হয়নি।
তাহলে শ্যুমাখারের সাক্ষাৎকার ছাপা হল কীভাবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, গোটা সাক্ষাৎকারটাই তৈরি করা হয়েছে আর্টিফিশয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে! গত ১৫ এপ্রিল এই ভুয়ো সাক্ষাৎকার ছাপা হয় ফাঙ্কে নামের এক ম্যাগাজিনের আট নম্বর পাতায়।
সেই সাক্ষাৎকার ছাপার পরই শোরগোল পড়ে যায় ক্রীড়াজগতে। এআই ভিত্তিক সাক্ষাৎকার জানার পর ক্ষোভে ফেটে পড়েন শ্যুমাখারের অনুরাগীরা। এমনকী শ্যুমাখারের পরিবারের তরফেও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
তারপরই তড়িঘড়ি নিজেদের ভুলের কথা স্বীকার করে নেয় ম্যাগাজিন কর্তৃপক্ষ। ম্যাগাজিনের ডিরেক্টর বিয়াঙ্কা পোহ্লম্যান জানান, এমন কাজ কখনই সমর্থনযোগ্য নয়। শুধু তাই নয় তিনি আরও জানান, এই প্রতিবেদন ছাপার দায়িত্ব পুরোটাই ম্যাগাজিনের এডিটর ইন চিফ ডাই আক্তুএলার। তাঁকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০০৯ সাল থেকে আক্তুএলা এই পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন।
কেদারনাথে মর্মান্তিক দুর্ঘটনা! হেলিকপ্টারের ঘুরন্ত ব্লেডের ধাক্কায় মৃত্যু আধিকারিকের