
শেষ আপডেট: 9 April 2022 09:00
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল জিডি বিড়লা স্কুলের (GD Birla school) দরজা। অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। অবশেষে স্কুল থেকে ফের নোটিস জারি হল। সোমবার থেকে আবার স্কুল খুলবে বলে জানিয়েছে জিডি বিড়লা কর্তৃপক্ষ।
আরও পড়ুন: তৃণমূলের অফিসে মদ-মেয়ে-জুয়ার আসর চলে, বিস্ফোরক কাউন্সিলর
শনিবার নতুন নোটিস জারি করেছে জিডি বিড়লা। পড়ুয়াদের নিরাপত্তার কারণ দেখিয়ে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুলটি বন্ধের কথা ঘোষণা করা হয়েছিল। সেই থেকে ফাঁপড়ে পড়েছিলেন স্কুলের পড়ুয়া ও অভিভাবকেরা। অবশেষে তাঁরা স্কুলের নতুন নোটিসে কিছুটা হলেও স্বস্তি পেলেন।

একইসঙ্গে সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে অশোক হল স্কুলও। তারাও একই নোটিস জারি করেছে।

জিডি বিড়লার তরফে এদিন জানানো হয়েছে সোমবার থেকে স্কুল ফের খুলে যাচ্ছে। তবে যেসব পড়ুয়া স্কুলের ফি বকেয়া রেখেছে তাদের স্কুলে প্রবেশ নিষিদ্ধ থাকছে। ফি যারা দিয়েছে তারাই আপাতত স্কুলে গিয়ে সোমবার থেকে ক্লাস করতে পারবে।
করোনা পরিস্থিতির পর স্কুল খুলেছে, কিন্তু এখনও অনেক পড়ুয়া স্কুলের বকেয়া ফি দেয়নি। স্কুলের ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ চলছিল। অভিভাবকরা একজোট হয়ে ফি কমানোর দাবিতে আন্দোলন করছিলেন স্কুলের সামনেই। সেই পরিস্থিতিতেই বৃহস্পতিবার হঠাৎ দেখা যায় স্কুলের দরজা বন্ধ, সামনে নোটিস ঝুলছে যাতে লেখা রয়েছে অনির্দিষ্ট কালের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও উল্লেখ করে কর্তৃপক্ষ। ফলে পড়ুয়াদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই কারণ দেখিয়ে স্কুল বন্ধ করে দেওয়া হয়।
স্বভাবতই স্কুলের এমন সিদ্ধান্তে পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। নানা মহলে চর্চা চলতে থাকে। তার মাঝে শনিবার নতুন নোটিস দিয়ে স্কুল খোলার কথা জানাল জিডি বিড়লা কর্তৃপক্ষ।