
শেষ আপডেট: 2 May 2022 10:37
দ্য ওয়াল ব্যুরো: রাতের ট্রেন ধরবেন বলে স্টেশনে দাঁড়িয়েছিলেন অন্তঃসত্ত্বা মহিলা। তিন সন্তানের মা তিনি। ছেলেমেয়েদের সঙ্গে নিয়েই অপেক্ষা করছিলেন ট্রেনের জন্য। সঙ্গে ছিলেন তাঁর স্বামীও। কিন্তু পরিবারের সঙ্গে হোক বা একলা, এদেশের রাস্তাঘাট এখনও মেয়েদের জন্য এতটুকুও সুরক্ষিত হয়, আরও একবার প্রমাণিত হল। স্বামী সন্তানদের চোখের সামনে থেকেই তুলে নিয়ে গিয়ে ধর্ষণ (Gangrape) করা হল ওই অন্তঃসত্ত্বা মহিলাকে। কেউ বাধাও দিতে পারল না।
আরও পড়ুন: চাঁদা দিতে না পারায় জরিমানা, তাও দিতে না পারায় বাঁকুড়ার গ্রামে বৃদ্ধাকে বয়কট
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বাপাতলা জেলায়। সেখানেই এক স্টেশনে ট্রেনের আশায় দাঁড়িয়ে ছিল ওই পরিবার। রাতের ট্রেন আসার আগেই এই বিপত্তি। অভিযোগ তিনজন দুষ্কৃতী এসে স্বামী সন্তানদের সামনে থেকেই মহিলাকে জোর করে তুলে নিয়ে যায়। তারপর তাঁকে গণধর্ষণ (Gangrape) করা হয়। পেটে সন্তান থাকলেও রেহাই পাননি তিনি।
তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা মহিলা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
মহিলার স্বামীর অভিযোগ, স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা সকলে, শুয়ে ছিলেন বেঞ্চের উপর। কাজের খোঁজে ভিনজেলায় যাচ্ছিলেন তাঁরা। কিন্তু হঠাৎ স্টেশনেই তিন জন এসে তাঁর স্ত্রীর উপর জোরজবরদস্তি করে। বাধা দিতে গেলে তিনি নিজেও বেধড়ক মার খান। সেখান থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় মহিলাকে। তিনজনই মদ্যপ ছিল বলে অভিযোগ। পুলিশের খোঁজে হন্যে হয়ে ঘুরেছিলেন ওই ব্যক্তি, কিন্তু অভিযোগ, রেল পুলিশের টিকিও দেখতে পাননি কোথাও।
পরে নিকটবর্তী ঝোপের মধ্যে ওই নির্যাতিতাকে পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।