
শেষ আপডেট: 16 December 2023 15:56
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ মানুষের গীতা পাঠ হবে। অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদ, ভারত সেবাশ্রম সংঘ সহ বেশ কয়েকটি সংস্থা মিলে এই গীতাপাঠের আয়োজন করেছে। তারই প্রস্তুতি হিসেবে শনিবার ময়দানে হল খুঁটি পুজো।
উদ্যোক্তাদের দাবি, খুঁটিপুজোর জন্য গঙ্গার জল, কুরুক্ষেত্রের মাটি ও জগন্নাথ মন্দিরের ধ্বজা ব্যবহার করা হয়েছে। কেন? অন্যতম উদ্যোক্তা তথা ভারত সেবাশ্রম সংঘের পক্ষে স্বামী প্রতাপানন্দ বলেন “যেকোনও শুভ কাজে এই উপকরণগুলি ব্যবহার করা হয়। গীতা পাঠের খুঁটি পুজো বলেই এই উপকরণগুলি ব্যবহার করা হল।”
শনিবার সকাল থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার এই খুটিপুজোয় কিছু সন্ন্যাসীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির কিছু নেতাও।
সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার ব্রিগেডের গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজে অংশ নেবেন গীতা পাঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। তবে তিনি উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি।
জানা গিয়েছে, শুধু মোদী নন, লক্ষ মানুষের গীতাপাঠের আসরে অংশ নেবেন কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। থাকবেন আরএসএসের অনেকেই। যদিও বিজেপির দাবি, তারা এই অনুষ্ঠানের আয়োজন করেনি।
উদ্যোক্তারা অবশ্য এদিন জানিয়েছেন, যেভাবে চারিদিক থেকে মানুষের সাড়া মিলছে তাতে ১ লক্ষর পরিবর্তে সংখ্যাটা ২ লক্ষ ছাড়িয়ে যেতে পারে।
এদিকে একই দিনে রয়েছে প্রাথমিকের চাকরির জন্য টেট পরীক্ষা। এমন দিনে লক্ষাধীক মানুষের জমায়েত ঘিরে তীব্র যানজটের আশঙ্কাও তৈরি হয়েছে। এতে পরীক্ষার্থী তো বটেই, সাধারণ মানুষও সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্তব্ধ হয়ে যেতে পারে ট্রাফিক ব্যবস্থা। ইতিমধ্যে টেট পরীক্ষার দিন বদলের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।