দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে ফের গণধর্ষণের শিকার নাবালিকা। ২৪ ঘণ্টার মধ্যেই দু'বার গণধর্ষণের শিকার হয়েছে বছর ১৪'র ওই কিশোরী। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার।
কিশোরীর পরিবারের অভিযোগ, ৬ জুলাই শুক্রবার সন্ধেবেলায় বাড়ি থেকে বেরোয় তাঁদের মেয়ে। কিন্তু দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পুলিশে অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর পরিবার। ৮ জুলাই মহুয়া টোলা অঞ্চল থেকে অপ্রকৃতিস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
পুলিশকে ওই কিশোরী জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মোহিত ভরদ্বাজ নামের এক ব্যক্তি তাঁকে বাইকে করে রাহুল ভোন্দে নামে একজনের বাড়িতে নিয়ে যায়। অভিযোগ, সেখানেই এই কিশোরীকে ধর্ষণ করে ওই দুই ব্যক্তি। শনিবার তাকে ছেড়ে দেয় ওই দু'জন। কিন্তু তারপরেও মেলেনি রেহাই। সেদিন বান্টি ভালাভি, অঙ্কিত রঘুবংশী এবং অমিত বিশ্বকর্মা নামের তিন ব্যক্তি ওই কিশোরীকে আবার রাহুলের বাড়িতেই নিয়ে যায়। অভিযোগ, সেখানে ফের গণধর্ষণের শিকার হয় ওই কিশোরী।
পুলিশ জানিয়েছে, একটি স্পেশাল টিম গঠন করে অভিযুক্ত এই ৫ জনকেই গ্রেফতার করা হয়েছে। এদের সবারই বয়স ২১ থেকে ২৫-এর মধ্যে। এই ৫ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি, ৫০৬, ৩৬৩,৩৪২ ধারায় এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।