
শেষ আপডেট: 7 February 2024 21:01
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে দিঘার বাইপাসের ধারের খাল থেকে উদ্ধার হয়েছিল একটি কাটা মাথা। ২৪ ঘণ্টার ব্যবধানে সামনে এল পর্যটককে গণধর্ষণের অভিযোগ। সামগ্রিকভাবে পর্যটন শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দিল্লি থেকে এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা তথা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু জানান,, দিঘার ঘটনাটি মঙ্গলবার বিধানসভায় তুলবেন বিজেপির মহিলা বিধায়করা।
শুভেন্দুর কথায়, "রাজ্যজুড়ে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। পুলিশ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। তার ফলেই দিঘার মতো জায়গায় লজ্জাজনক এই ঘটনা ঘটল।"
পাল্টা প্রতিক্রিয়া ধেয়ে এসেছে শাসক শিবির থেকেও। রাজ্যের কারামন্ত্রী তথা পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক অখিল গিরি বলেন, "সবকিছুতে রাজনীতি খোঁজাটাই বিজেপি এবং শুভেন্দুর কাজ। দিঘায় যে ঘটনা ঘটেছে সেটা নিশ্চয় কাম্য নয়। তবে এটাও মনে রাখতে হবে, পুলিশ সঙ্গে সঙ্গে অপরাধীদের গ্রেফতার করেছে।"
তাঁর অভিযোগ, "কোথাও কোনও ঘটনা ঘটলেই বিজেপি রাজনীতি করতে নেমে পরে। এক্ষেত্রেও সেটাই হচ্ছে।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বান্ধবীকে নিয়ে দিঘায় পৌঁছন এক ব্যক্তি। দিঘার বিচে ঘোরাফেরা করার সময় দু'জন ব্যক্তি নিজেদের স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে তাঁদের সঙ্গে আলাপ জমান। কম পয়সায় ভাল হোটেল খুঁজে দেবেন বলে জানান।
পুলিশকে ওই নির্যাতিতা পর্যটক জানিয়েছেন, দিঘার রতনপুরের কাছে তাঁদের নিয়ে যাওয়া হয়। এলাকাটি ফাঁকা। পাশেই জঙ্গল। সেখানেই পুরুষ বন্ধুর হাত, পা বেঁধে ফেলে রেখে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই দুই অপরিচিত ব্যক্তির সঙ্গে আরও দু'জন ছিল বলে পুলিশকে জানান নির্যাতিতা।
এলাকার সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় জড়িত আরও দু'জন পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।