
শেষ আপডেট: 12 November 2022 07:48
দ্য ওয়াল ব্যুরো: রাজারহাটের বেদিক ভিলেজের (Rajarhat Vedic Village) অভিজাত রিসর্টে জন্মদিনের পার্টিতে (birthday party) মাদক খাইয়ে এক তরুণীকে গণধর্ষণ (gang rape) করার অভিযোগ উঠল ৪ যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ১০ নভেম্বর বৃহস্পতিবার। সূত্রের খবর, বৃহস্পতিবারের পার্টির জন্য গত বুধবার রাজারহাটের বেদিক ভিলেজে একটি রিসর্ট ভাড়া করা হয়। ৩০ জন তরুণ তরুণীর একটি দল উপস্থিত ছিল সে পার্টিতে। জানা গেছে, সেদিন পার্টি শেষ হয়ে যাওয়ার পরেই এক তরুণীকে পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে খাইয়ে দেয় ৪ যুবক। তারপর তাঁকে গণধর্ষণ করে তারা, এমনটাই অভিযোগ।
ঘটনার পরের দিন রাজারহাট থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল যোগেশ মিশ্র, শুভম পারলিয়াল, ঋষিক কুমার এবং মাধব আগরওয়াল।
এদের মধ্যে একজন আইটি কর্মী ও বাকি তিন জন ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই রাজারহাট থানায় উপস্থিত হয়েছেন বিধান নগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার গৌরব শর্মা, ডিসি নিউটাউন, এসিপি রাজারহাট এবং বিধান নগর কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিশ আধিকারিকরা। আজ শনিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে। চারজনকেই পুলিশ নিজেদের হেফাজতে দেওয়ার জন্য আবেদন জানাবে বলে জানা গেছে।
এরকম একটি গুরুতর ঘটনা ঘটে যাওয়ার পরেও বেদিক ভিলেজ কর্তৃপক্ষ রাজারহাট পুলিশকে অভিযুক্তদের বিষয়ে কোনও রকম তথ্য-প্রমাণ দিতে পারেনি বলে জানা গেছে। ঘটনায় বৈদিক ভিলেজের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রাজারহাট থানার পুলিশ।
বর্ধমানে ৭৫ বছরের ভবঘুরে বৃদ্ধাকে ধর্ষণ করে খুন! অভিযুক্তকে বেধড়ক মার স্থানীয়দের