
প্রতীকী ছবি
শেষ আপডেট: 12 April 2024 22:31
দ্য ওয়াল ব্যুরো: স্টেশনে তখন গুটিকয়েক লোকের আনাগোনা। ট্রেন আসাযাওয়া করছে। হঠাৎই হই হই শব্দে সকলে ছুটে এসে দেখেন বীভৎস দৃশ্য। দূর থেকে ট্রেন আসতে দেখেই এক ব্যক্তি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে পড়ে। দুরন্ত গতির ট্রেনে নিমেষেই ছিন্নভিন্ন হয়ে যায় শরীর।
শুক্রবার সন্ধেয় এই ঘটনা ঘটেছে গাইঘাটার কাথি রেলগেট সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সন্ধেবেলায় স্টেশনে ঘুরঘুর করছিলেন এক ব্যক্তি। ট্রেন আসতে দেখেই আচমকা ঝাঁপ দিয়ে পড়েন। লোকজন পিছন থেকে চিৎকার করে ওঠে। ট্রেন ততক্ষণে পিষে দিয়ে গেছে ওই ব্যক্তিকে। ট্রেনের ধাক্কায় শরীরের ছিন্নভিন্ন অংশ ছড়িয়ে পড়ে চারদিকে। সেই বীভৎস দৃশ্য দেখে লোকজন ছুটে পালায়। খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ এসে দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ঘটনার জেরে বনগাঁ-শিয়ালদহ লাইনে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ ছিল।