দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার রাত থেকে গড়চিরোলির জঙ্গলে মাওবাদী ঘাঁটিতে অভিযান চালাচ্ছিলেন সি সিক্সটি কম্যান্ডোরা। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ তাঁরা নাগাল পেলেন এক মাওবাদী স্কোয়াডের। দু’পক্ষের গুলি বিনিময়ে নিহত হল দুই মহিলা মাওবাদী।
ধানোরা তালুকের নিহালকাই জঙ্গলে মাওবাদীদের সঙ্গে কম্যান্ডোদের সংঘর্ষ শুরু হয়। গড়চিরোলির অতিরিক্ত পুলিশ সুপার মহেন্দ্র পণ্ডিত জানান, গুলিবিনিময় চলে আধ ঘণ্টা। পরে দুই সশস্ত্র মহিলা মাওবাদীর দেহ পাওয়া যায়। কম্যান্ডোরা এখনও এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
এর আগে গত এপ্রিলের শেষাশেষি গড়চিরোলিতেই মাওবাদী দমনে বড় সাফল্য পায় কম্যান্ডোরা। ২৪ ও ২৫ এপ্রিল দুদিনের টানা অভিযানে নিহত হয় ৩৭ জন। তাদের অনেকের দেহ ভেসে যায় ইন্দ্রাবতী নদীতে।
ছত্তীসগড়ের দান্তেওয়াড়া, বস্তার কিংবা বিজাপুরের মতো মহারাষ্ট্রের গড়চিরোলিও দীর্ঘকাল মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। ছত্তীসগড়ে ১২ নভেম্বর প্রথম দফার ভোটে মাওবাদীরা বেশ কয়েকটি জায়গায় হানা দেয়। মাইন বিস্ফোরণে কয়েকজন হতাহত হন। তার পরে পুরো জঙ্গলে নিরাপত্তারক্ষীরা জোরদার অভিযান শুরু করে। তারই ফলে দুই মহিলা মাওবাদীকে খতম করা সম্ভব হয়েছে।