
শেষ আপডেট: 6 September 2023 06:24
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) স্ত্রী জিল করোনা আক্রান্ত। চিকিৎসকেরা তাঁকে কোভিড-পজিটিভ বলে ঘোষণা করেছেন। তবে প্রেসিডেন্ট বাইডেনকে চিকিৎসকেরা কোভিড নেগেটিভ বলে ঘোষণা করায় তিনি আগামী শুক্রবার বিকালে দিল্লিতে আসছেন। জি-২০ গোষ্ঠীভুক্ত (G20 Summit) দেশগুলির রাষ্ট্রপ্রধানদের দু’দিনের সম্মেলন দিল্লিতে চলবে শনি ও রবিবার।

বাইডেনের এই সফর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত প্রভাবশালী দুই দেশ চিন ও রাশিয়ার প্রেসিডেন্টরা সম্মেলনে আসছেন না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিন কিছু সময়ের জন্য ভার্চুয়াল মাধ্যমে সম্মেলনে যোগ দিতে পারেন। কিন্তু চিনের প্রেসিডেন্ট সে পথে হাঁটছেন না। তিনি চিনের প্রধানমন্ত্রীকে দিল্লি পাঠাচ্ছেন।
কূটনৈতিক মহলের একাংশ চিন ও রাশিয়ার প্রেসিডেন্টের অনুপস্থিতিকে বড় করে দেখলেও ভারত তা মানতে নারাজ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কে প্রতিনিধিত্ব করল তা দিয়ে ভারত কোনও দেশকে মর্যাদা দেয় না। কেউ আসতে না পারলেও তাঁর দেশ সম্মেলনে (G20 Summit) অংশ নিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের আগমনের খবর দিল্লির কাছে বাড়তি গুরুত্বের কারণ হল এই সফরে বাইডেনের জি-২০ সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা আছে। বৈঠকে যুদ্ধাস্ত্র কেনা নিয়ে বড় ধরনের চুক্তির সম্ভাবনাও আছে। এছাড়া দ্রুত গতির বিমান কেনা এবং ভারতীয়দের জন্য আরও সহজে মার্কিন ভিসা পাওয়ার বিষয়ে কথা হবে বলে ঠিক আছে।