
শেষ আপডেট: 7 September 2023 15:24
দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহেই শনি ও রবিবার জি-২০ শীর্ষ সম্মেলনের (G20 summit) আসর বসতে চলেছে নয়া দিল্লির প্রগতি ময়দানে। ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন ভারতে। আর তাই নিষিদ্ধ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেন (Joe Biden), ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak), কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Anthony Albanese) সহ মোট ২৫টি দেশের শীর্ষ নেতারা যোগ দিচ্ছেন এবারে সম্মেলনে। থাকবেন বিভিন্ন দেশের উচ্চপদস্থ কূটনীতিক এবং আমলারাও। তাঁদের স্বাগত জানাতে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী শহর। তবে জানেন কি, এই হেভিওয়েটরা (G20 World Leaders) থাকবেন কোথায়? নয়াদিল্লিরই বিভিন্ন বিলাসবহুল হোটেলে দেশের মহাসম্মাননীয় এই অতিথিদের থাকার বন্দোবস্ত করা হয়েছে।
জো বাইডেন: দিল্লিতে আসার পর মার্কিন রাষ্ট্রপতির থাকার বন্দোবস্ত করা হয়েছে নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসার কথা রয়েছে বাইডেনের। সেই আলোচনায় জলবায়ু পরিবর্তন এবং শক্তির স্থানান্তর নিয়ে তাঁরা কথা বলবেন বলে অনুমান।
ঋষি সুনক: ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত হলেও তাঁর ঠিকানা ব্রিটেনের ১০ ডাউনিং স্ট্রিট। সেদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার আনুষ্ঠানিক সফরে ভারতে আসছেন সুনক। সাংগ্রি লা হোটেলে তাঁর থাকার বন্দোবস্ত করা হয়েছে।
জাস্টিন ট্রুডো: কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের আগে ইন্দোনেশিয়া হয়ে আসছে। ভারতে এসে দিল্লির দ্য ললিত হোটেলে উঠবেন তিনি।
অ্যান্থনি অ্যালবানিজ: তিন দেশ সফরের অংশ হিসেবে ইন্দোনেশিয়া এবং ফিলিপিনের পাশাপাশি ভারতে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। দিল্লির ইম্পেরিয়াল হোটেলে তাঁর আপ্যায়নের ব্যবস্থা করেছে ভারত সরকার।
চিনা কূটনীতিক দল: রাষ্ট্রপতি শি জিংপিং এবারের জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন না। পরিবর্তে চিনা কূটনীতিকদের একটি দল যোগ দেবে এবারের বৈঠকে, যার নেতৃত্ব দেবেন লি কিয়াং। এই প্রথমবার চিনের কোনও রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকছেন না জি-২০ সম্মেলনে। ২০০৮ সালের প্রথম সম্মেলন থেকে গতবার পর্যন্ত প্রতিটি বৈঠকের উপস্থিত ছিলেন চিনের রাষ্ট্রপতিরা। এমনকী, ২০২০ এবং ২০২১ সালে করোনা অতিমহামারীর সময়েও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জিনপিং।
তবে এবারে চিনের যে কূটনীতিকরা আসছেন, তাঁরা দিল্লি তাজ হোটেলে থাকবেন বলে জানা গেছে।
জি-২০ ভোজসভায় সোনা রুপোর থালাবাটি, আয়োজনের আতিশয্যে মাইলফলক তৈরি করছে সরকার