
শেষ আপডেট: 6 September 2023 15:25
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৯-১০ সেপ্টেম্বর, শনি ও রবিবার নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে জি-২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। সেখানে উপস্থিত থাকবেন প্রায় ২৫টি দেশের শীর্ষ নেতারা। থাকবেন উচ্চপদস্থ কূটনীতিক ও আমলারাও। জি ২০-র প্রতিনিধিদের স্বাগত জানাতে ইতিমধ্যে সেজে উঠেছে দেশের রাজধানী শহর। সেই সম্মেলন চলাকালীন মধ্যাহ্নভোজ এবং নৈশভোজে ভিভিআইপি অতিথিদের জন্য বিশেষ আয়োজন করেও চমক দিল মোদী সরকার।
বিদেশি অতিথি অভ্যাগতদের জন্য সোনা-রুপোর টেবিলওয়্যারে (Silverware) খাবার পরিবেশন করা হবে। আর সেই পাত্রে খোদাই করা থাকবে ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্যের নানা নিদর্শন। সোনা থালা মানে পুরোটাই সোনার নয়। গোল্ড প্লেটেড, অর্থাৎ সোনার জল করা।
এই অনুষ্ঠানের জন্য প্রায় ২০০ জন কারিগর ১৫ হাজারের বেশি রুপোর পাত্র তৈরি করেছেন। জয়পুরের বিখ্যাত ধাতুর পাত্র তৈরির কারখানা আইরিস-জয়পুর এই পাত্রগুলি তৈরি করেছে। তাঁদের কর্ণধার সংবাদমাধ্যমে জানিয়েছেন, সোনা-রুপো দিয়ে এই পাত্রগুলি তৈরি করতে দেশের বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকরা এসেছেন। রাজস্থান, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং দেশের আরও কয়েকটি রাজ্যের কারিগরদের দিনরাত পরিশ্রমে তৈরি হয়েছে এই পাত্রগুলি।

জয়পুরের ফার্ম থেকে এই বিশেষ ধরনের সোনা-রুপোর পাত্রগুলি পৌঁছে গিয়েছে দিল্লির একাধিক বিলাসবহুল হোটেলে। যেখানে সেগুলি ব্যবহৃত হবে ভিভিআইপি অতিথিদের জন্য। হোটেলগুলিতে জমকালো লাঞ্চ এবং ডিনারে এই বিশেষ পাত্রগুলিই ব্যবহার করা হবে। সবকিছু ঠিকঠাক আছে কিনা, তা নিশ্চিত করার জন্য ওই কারখানাটি মঙ্গলবার একটি প্রিভিউয়ের আয়োজন করেছিল। যা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।
তবে এইধরনের সোনা-রুপোর পাত্র তৈরির জন্য যেভাবে টাকা খরচ করা হয়েছে, তাতে ক্ষুব্ধ নাগরিকদের একাংশ। তাঁরা ইতিমধ্যে কেন্দ্র সরকারের এভাবে জলের মতো টাকা খরচ করা নিয়ে বিরোধিতা শুরু করেছেন। এক্স হ্যান্ডলে একজন নেটিজেন লিখেছেন, “মনে হচ্ছে বাপ ঠাকুরদার জমিদারির টাকা, তাই ইচ্ছেমতো হরির লুট দিচ্ছে। যাঁরা আসছেন তাঁরা তো সব গোমুখ্যু, কিচ্ছুটি খোঁজ রাখেন না এই দেশের হাল হকিকত।” কেন্দ্রের বিরুদ্ধে একইভাবে তোপ দেগেছেন বিরোধীরাও।