
শেষ আপডেট: 12 September 2023 05:02
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে ভিয়েতনাম পৌঁছে ভারতে মানবাধিকার, গণতন্ত্র নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, একান্ত বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) এই বিষয়ে আমেরিকার উদ্বেগের কথা বলেছেন (G20 Summit 2023)।
এই পরিস্থিতিতে মোদী সরকারকে স্বস্তি দিল সম্মেলন সম্পর্কে চিন ও আমেরিকার মূল্যায়ন। দুই দেশই ভারতকে সার্টিফিকেট দিয়েছে। যে কারণে বাইডেন দিল্লি এসেছিলেন সেই জি-২০ সম্মেলন নিয়ে তাঁর প্রশাসন খুশি। মার্কিন বিদেশে মন্ত্রক বলেছে, দিল্লির জি-২০ সম্মেলন অত্যন্ত সফল হয়েছে।
একই কথা বলেছে চিনের বিদেশ মন্ত্রকও। চিনের প্রেসিডেন্ট শি জিংপিন দিল্লি আসেননি। চিনের প্রতিনিধিত্ব করেন সে দেশের প্রধানমন্ত্রী লি কুইয়াং। তিনি ফিরে গিয়ে সম্মেলন সম্পর্কে দেশের শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দিয়েছেন। তার ভিত্তিতে সে দেশের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মাও নিং সাংবাদিক সম্মেলন ডেকে বলেছেন, দিল্লির জি-২০ সম্মেলন থেকে ইতিবাচক বার্তা গিয়েছে গোটা বিশ্বের কাছে।
বৈঠকে সব দেশের সহমতের ভিত্তিতে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। যা আসলে ‘দিল্লি ঘোষণা পত্র।’ এই ঘোষণাপত্রে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গ কীভাবে রাখা হবে তা নিয়ে দীর্ঘ বিতর্ক চলে সদস্য দেশগুলির কূটনীতিকদের মধ্যে। সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যোগ দেননি। চিন চায়নি রাশিয়ার নাম প্রস্তাবে থাকুক। ভারত প্রস্তাব দেয় রাশিয়ার নাম উল্লেখ না করেই যুদ্ধ বিরোধী প্রস্তাব নেওয়া হোক। শেষে সেই প্রস্তাবে সব দেশই সায় দেয়। আমেরিকা জোরালো আপত্তি তুলবে বলে মনে করা হয়েছিল। বাস্তবে বাইডেন তেমন কঠোর মনোভাব নেননি। এক সঙ্গে কাজ করে বৈশ্বিক সমস্যা সমাধানের কথা বলা হয়েছে দিল্লির ঘোষণা পত্রে, যা কার্যকরী ইতিবাচক বার্তা বহন করছে।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রকের তরফে ম্যাথুউ মিলার বলেন, দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের (Joe Biden) জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন। একান্ত আলোচনার বাইরেও শীর্ষ সম্মেলনে ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনা হয়। দিল্লির এই সম্মেলন সম্পূর্ণ সফল হয়েছে বলে আমরা মনে করি।
তবে মার্কিন প্রেসিডেন্টের ভিয়েতনাম সফরে করা মন্তব্য নিয়ে ভারত অসন্তুষ্ট। দিল্লি থেকেই বাইডেন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যান। দিল্লি মোদী-বাইডেনের বৈঠকের পর প্রথামাফিক দুই রাষ্ট্রপ্রধান সাংবাদিকদের মুখোমুখি হননি। ভারত সরকারের আপত্তিতেই তা সম্ভব হয়নি বলে আমেরিকার দাবি। বাইডেন তাই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে হ্যানয়ে গিয়ে মুখ খোলেন।
আরও পড়ুন: সংসদ কর্মীদের নয়া পোশাক, খাকি প্যান্ট, জামা, শাড়িতে পদ্ম ফুল