
শেষ আপডেট: 9 September 2023 12:19
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সংস্কৃতি যে ‘বসুধৈব কুটুম্বকম’ মন্ত্রে জাড়িত। তার উপরে অতিথি তালিকায় আমেরিকার রাষ্ট্রপ্রধান জো বাইডেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো রাষ্ট্রপ্রধানরা। অতিথিদের সেবায় (G20 menu) কোনওরকম ত্রুটি রাখতে চাইছে না মোদী সরকার। রাজধানীতে জি-২০ শীর্ষ সম্মেলনে অতিথি আপ্যায়ন পর্ব তাই আক্ষরিক অর্থেই নজর কাড়া।
নয়াদিল্লির প্রগতি ময়দানে আজ শনিবার থেকে শুরু হয়েছে সম্মেলন। চলবে আগামীকালও। দু’দিনের এই সম্মেলনে বেলায় বেলায় রাষ্ট্রপ্রধানদের সামনে সাজিয়ে দেওয়া হচ্ছে ভারতের নানা প্রান্তের নানা মনোহর পদ। টক-ঝাল-নোনতা-মিষ্টির ব্যালেন্স সেখানে। শুধু স্বাদ নয়, স্বাস্থ্যের দিকেও পুরো নজর। তাই মেনুতে বাজরার (millet) রমরমা।
চলতি বছরটি ভারত আন্তর্জাতিক বাজরা বছর হিসেবে পালন করার প্রস্তাব দিয়েছিল। যা জাতিসংঘের সাধারণ সভায় গৃহীত হয়। সেই কারণেই অতিথিদের খাবারেও থাকছে বাজরার আধিক্য। ভারতেও একাধিক জায়গায় এই স্বাস্থ্যকর শস্যের চাহিদা বেড়েছে গত কয়েক বছরে। ভারতের আবহাওয়ায় এই ফসলের চাষ যথেষ্ট ভাল হয়।
জি-২০র প্রধান সভাপতি মুকেশ পরদেশী বলেন, “বাজরা দিয়ে তৈরি নানাধরনের খাবার শুধুমাত্র ভারতে রান্না সম্পর্কিত ঐতিহ্যকেই যে অতিথিদের সামনে তুলে ধরবে তাই নয়, বরং জি ২০র যে মূল বিষয়, ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ সারা পৃথিবীই পরমাত্মীয় সেই বিষয়বস্তুকেও আরও স্পষ্টভাবে উপস্থাপন করবে।”
অতিথিদের সোনার জল করা রুপোর থালা-বাটিতে খাবার পরিবেশন করা হচ্ছে। জয়পুরের একটি ফার্মে প্রায় ২০০ জন কারিগর ১৫ হাজারের বেশি রুপোর পাত্র তৈরি করেছেন। জয়পুরের ফার্ম থেকে তৈরি হয়ে এই পাত্রগুলি নিয়ে আসা হয়েছে দিল্লির একাধিক বিলাসবহুল হোটেলে। সেখানেই আজ এবং আগামীকাল জমকালো মধ্যাহ্নভোজ এবং নৈশভোজে পাত্রগুলি ব্যবহার করা হচ্ছে।