
প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 January 2025 14:57
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য অনুপ্রবেশের বিষয়টি নিয়ে চিন্তা বেড়েছে বাংলা তথা ভারত সরকারের। বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই চলছে তল্লাশি অভিযান। এবার কলকাতার সোনারপুর অঞ্চল থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, এরা সকলেই অনুপ্রবেশকারী বাংলাদেশি। অবৈধভাবে বাংলায় এসে থাকছিলেন।
সোনারপুর এলাকার এক বস্ত্র কারখানায় কাজ করতেন ওই ৫ জন। অভিযোগ, অবৈধভাবে বাংলায় ঢুকে বাড়ি ভাড়া নিয়েছিলেন তাঁরা। তারপর স্থানীয় কারখানায় কাজ শুরু করেন। সাম্প্রতিক সময়ে তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সেই প্রেক্ষিতেই থানায় অভিযোগ দায়ের হয়। পরে ওই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা সকলেই পুরুষ। কারও কাছে দেশে থাকার পোক্ত নথি নেই বলে দাবি করা হয়েছে।
পুলিশি তদন্তে উঠে এসেছে, বছরখানেক আগে সোনারপুর এলাকার বৈকুণ্ঠপুরে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন এই ৫ জন। তবে প্রতিবেশীরা তাঁদের সম্পর্কে বিশেষ কিছু কোনও দিনই জানতে পারেননি। কারণ তাঁরা নাকি কারও সঙ্গে খুব-একটা মিশতেন না। সম্প্রতি তাঁদের আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করেন অনেকে। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। যে বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক পলাতক।
বিগত কয়েক মাসে বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে অনেক বেশি তৎপর হয়েছে রাজ্যগুলি। বাংলাও তার ব্যতিক্রম নয়। কদিন আগেই কলকাতার পার্ক স্ট্রিটের কলিন লেন এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে পুলিশ। খিদিরপুর এলাকায় গত দেড় বছর ধরে থাকছিল সে। ভারতে আসার কোনও বৈধ পাসপোর্ট তার কাছ থেকে পায়নি পুলিশ বলে সূত্রের খবর।
বাংলাদেশের একাধিক জঙ্গি ধরা পড়েছে ভারতে। অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যে হয়েছে গ্রেফতারি। পাশাপাশি একাধিক জায়গায় চলছে অনুপ্রবেশকারী বিরোধী অভিযান।