বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কয়েকটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর গতিপথ কোন দিকে সরে যায়, তার ওপরই নির্ভর করবে রাজ্যের শেষভাগের নভেম্বরে আবহাওয়ার চূড়ান্ত ছবি।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 26 November 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: আগামী কয়েকদিনের মধ্যেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সাগরের গভীর নিম্নচাপটি। এর প্রভাবে আগামী দু’দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তীব্র ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়া দফতর (Weather Update) সতর্কতা জারি করেছে। আরও উদ্বেগ বাড়িয়েছে শ্রীলঙ্কার কাছাকাছি তৈরি হওয়া নতুন নিম্নচাপ। জোড়া নিম্নচাপের প্রভাবে আগামী দিনে পূর্ব ভারতের আবহাওয়ায় কী পরিবর্তন আনতে পারে (Weather Update), তার স্পষ্ট পূর্বাভাস এখনও মেলেনি।
এদিকে নভেম্বরের শেষদিকে এসেও বাংলায় শীত (Winter in Bengal) এখনও একেবারে জমে বসেনি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, তবে বুধবার থেকে তাপমাত্রা আবার সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast in Bengal), বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কয়েকটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর গতিপথ কোন দিকে সরে যায়, তার ওপরই নির্ভর করবে নভেম্বরের শেষ ক'দিনে রাজ্যের আবহাওয়ার চূড়ান্ত ছবি।
তাপমাত্রার নতুন ট্রেন্ড
আবহাওয়াবিদদের মতে, আজ থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় রাতেরদিকে সামান্য উষ্ণতা বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টা এই প্রবণতা বজায় থাকতে পারে। অর্থাৎ শীতের ঝাঁঝ কিছুটা কম অনুভূত হবে, যদিও বড়সড় কোনও পরিবর্তন এখনই দেখা যাবে না।
সাধারণভাবে, শীত পুরোপুরি নামতে গেলে আকাশ পরিষ্কার থাকা প্রয়োজন, কিন্তু ঘূর্ণিঝড় ও নিম্নচাপের কারণে সেই সম্ভাবনা আপাতত কম।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
উত্তরবঙ্গে এখন ক'দিন বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েক দিনে তাপমাত্রাও তেমন ওঠানামা করবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কোনও জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই।
বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় এবং শ্রীলঙ্কার কাছে নিম্নচাপ, দুটির কারণে বাংলার আকাশে আগামী কয়েকদিন পরিবর্তনশীল আবহাওয়া (Weather) দেখা যেতে পারে। আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ও তার প্রভাবে তাপমাত্রার সামান্য ওঠানামা, এই ছবিই এখন অধিক সম্ভাব্য। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখনই জাঁকিয়ে শীত পড়ছে না। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আভাস মিলতে পারে।