
শেষ আপডেট: 25 November 2023 19:26
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: টাকা দিয়েও মেলেনি রেহাই। লাগাতার হুমকি চলছে ফোনে। বাধ্য হয়ে পুলিশে অভিযোগ দায়ের করলেন ডিপফেকের শিকার মানকুন্ডুর তরুণী।সম্প্রতি অভিনেত্রী রশ্মিকা মান্দানার ডিপফেক ছবি নিয়ে সরব হয়েছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে বলিউডের অনেকেই। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেন শচীন কন্যা সারাও। এখন আমজনতারও মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এখন ডিপফেক প্রযুক্তি। একজনের শরীরে অন্যের মুখ বসিয়ে দিয়ে চলছে ব্ল্যাকমেল। আর তারই শিকার হলেন মানকুন্ডুর ওই তরুণী।
তরুণীর এক সহকর্মী জানিয়েছেন, টিভিতে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা দেখার সময় হঠাৎই একটা ফ্ল্যাশ মেসেজ ভেসে ওঠে তরুণীর মোবাইল ফোনে। সেটা ওপেন করতেই একটা অ্যাপ ডাউনলোড হয়ে যায়। এরপর মেলে অ্যাকসেস নোটিফিকেশন। মোবাইল নম্বর দেন তরুণী। সঙ্গে সঙ্গে তাঁর অ্যাকাউন্টে এগারো হাজার টাকা পাঠানো হয় লোন হিসেবে। দু’দিন পর থেকে শুরু হয় বিভিন্ন নম্বর থেকে ফোন করা। টাকার জন্য চাপ দিয়ে ফোন আসতে থাকে। টাকা না দিলে ডিপফেক করা অশ্লীল ছবি ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ওই তরুণীর কনট্যাক্ট লিস্টে থাকা অনেককেই ডিপফেক ছবি পাঠানো শুরু হতেই ভয় পেয়ে যান তিনি। ১৯ হাজার টাকা অনলাইন পেমেন্ট করে দেন। হ্যাকাররা বুঝে যান ভয়ে কাজ হয়েছে। এরপর লাগাতার টাকা চেয়ে ফোন আসতে থাকে। অবসাদগ্রস্থ হয়ে পড়েন তিনি।
শনিবার ওই তরুণীকে নিয়ে ভদ্রেশ্বর থানায় গিয়ে অভিযোগ জানান তাঁর এক আত্মীয়। সেখান থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা চুঁচুড়ায় এসে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ফ্ল্যাশ মেসের মাধ্যমে ফোন ক্লোনিং অ্যাপ ডাউনলোড করিয়ে হ্যাকাররা অনেক মানুষকে প্রতারিত করছে। ভয় দেখাতে ডিপফেককে হাতিয়ার করছে। সামাজিক সম্মানের কথা ভেবে অনেকেই টাকা দিয়ে দিচ্ছেন। এগুলো থেকে সাবধান থাকতে হবে। এই ধরনের ফোন এলে তা ব্লক করতে হবে। মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা ফ্ল্যাশ মেসেজে পাত্তা না দেওয়াই ভালো। কোনও অ্যাপ ডাউনলোড করলে তাতে পার্সোনাল ডিটেলস দেওয়া থেকে বিরত থাকতে হবে।