
শেষ আপডেট: 5 November 2023 13:41
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ঋণের টোপ দিয়ে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল একটি ঋণপ্রদানকারী সংস্থার বিরুদ্ধে। সংস্থার প্রতিনিধিদের না পেয়ে ওই সংস্থার দফতরের বাড়ির মালিককে আটক করে বিক্ষোভ দেখালেন প্রতারিতরা।
প্রতারিতদের দাবি, বাড়ির মালিকের সামনে টাকা জমা দেওয়া হয়েছিল সেজন্য বাড়ির মালিককে টাকা ফেরত দিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় কাটোয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলতলা এলাকার অনুপ মণ্ডলের বাড়িতে নভেম্বর মাসের ১ তারিখে দুজন মহিলা 'আশার আলো' ক্ষুদ্র ঋণ প্রকল্প নামে একটি সংস্থার অফিস চালু করে। এলাকার মহিলাদের আর্থিকভাবে সহায়তা করতে সহজ কিস্তিতে ঋণ দেওয়ার লোভ দেখিয়ে ফর্ম বিলি করা হয়। ঋণ নিতে গেলে আবেদনকারীদের ২৫৫০ টাকা অগ্রিম জমা দিতে বলা হয়, তাহলেই তাঁরা ৫০ হাজার টাকার ঋণ পাবেন এমন প্রতিশ্রুতি দেওয়া হয় আবেদনকারীদের।
এই শর্তে শনিবার এলাকার শতাধিক মহিলা ২৫৫০ টাকা করে অফিসে জমা দেন। সংস্থার কর্মীরা বলেছিলেন, টাকা জমা দিলে সন্ধের মধ্যে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু সন্ধে হয়ে গেলেও ঋণের টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে জমা পড়েনি।
রাতে আবেদনকারীরা বেলতলা এলাকার ওই বাড়িতে আসেন। তাঁরা দেখেন, ঋণদানকারী সংস্থার অফিসে তালা ঝুলছে। কর্মীদের মোবাইলে ফোন করেন, কিন্তু সেগুলি 'সুইচড অফ' ছিল।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই ঋণসংস্থার লোকজনকে হাতের নাগালে পেতে বাড়ির মালিক অনুপ মণ্ডলকে আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। বাড়ির মালিকের কাছ থেকে টাকা ফেরতের দাবি জানান তাঁরা।
বাড়ির মালিক জানিয়েছেন, তিনি বিষয়টির সম্পর্কে কিছুই জানেন না। রূপালি ও সোনালি নামের দুই মহিলা গত তিনদিন আগে তাঁর কাছে বাড়ি ভাড়া নিয়েছিলেন। তাঁরা ওই ব্যক্তিকে জানায়, একটি বেসকারি সংস্থায় তাঁরা কর্মরত। এর বেশি তিনি আর কিছুই জানেন না।
পরে প্রতারিতরা কাটোয়া থানায় ভুয়ো ঋণপ্রদানকারী সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কাটোয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।