
শেষ আপডেট: 28 March 2022 09:37
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকটা দিন, তারপরই বাংলা নববর্ষ। যাকে কেন্দ্র করে বাঙালিদের মধ্যে অনলাইনে জিনিস কেনার ধুম বাড়ে। এমনিতেই এখন মানুষ অনলাইনে কেনাকাটার দিকে ঝোঁকেন, আর উৎসবের মরসুমে এই পরিমাণ আরও বেশি দেখা যায়। আর তারই সুযোগ নেয় অনলাইন প্রতারকরা (Fraud Gift)।
পুলিশ সূত্রে খবর, পয়লা বৈশাখের (Poila Boishakh) সপ্তাহ দুয়েক আগে থেকেই এই চক্র মাথা চাড়া দিয়ে ওঠে। দুর্গাপুজোর আগেও এমন চক্রের সক্রিয়তা চোখে পড়ে। এই সময় বহু মানুষ বাঙালি ঐতিহ্য সম্পন্ন জিনিস পত্রের খোঁজ করেন।
অনলাইনে সেইসব জিনিসের প্রচুর সন্ধান মেলে। যেমন জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস। এই সময় এমন অনেক অভিযোগ আসে যেখানে অনলাইনে অর্ডার করার পরও জিনিস মেলে না। পরে যোগাযোগ করার কোনও সুবিধাও থাকে না এই সব অনলাইন স্টোরে।
সম্প্রতি বেলগাছিয়ার অরিজিৎ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি এমনই এক প্রতারণা স্বীকার হন। যেহেতু এই সময় অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন, প্রতারকরা সেই বিষয়টিকে হাতিয়ার করে। যেমন অরিজিৎবাবুর কাছে একটি ট্রাভেল এজেন্সির নামে ফোন আসে। সেখানেই তাঁকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটি লিঙ্কে ক্লিক করতে বাধ্য করা হয়। এরফলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ চলে যায় প্রতারকদের কাছে।
পুলিশ বারংবার এই রকম জালিয়াতির ফাঁদে না পড়ার জন্য সতর্ক করছে। যেহেতু পয়লা বৈশাখের মত উৎসবের মরসুমে এমন প্রতারণা বেশি চোখে পড়ে তাই এই সময় আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ।
পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস নিয়ে হোয়াটসঅ্যাপ স্টেটাস! গ্রেফতার কর্নাটকের তরুণী