দ্য ওয়াল ব্যুরো : এবার জুন মাসে অভুতপূর্ব তাপপ্রবাহের শিকার হয়েছে ইউরোপ। বেশ কয়েকটি দেশে তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গরমের নতুন নতুন রেকর্ড তৈরি হয়ে চলেছে একাধিক দেশে। আবহবিদরা বলছেন, আগামী কয়েকদিন গরম কমার সম্ভাবনা নেই। বরং সপ্তাহের শেষে গরম আরও বাড়বে।
ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড ও স্পেনে তাপমাত্রা ছাড়িয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এমনকী সুইজারল্যান্ডের কয়েকটি ট্যুরিস্ট লোকেশনে তাপমাত্রা এখন ৪০ ডিগ্রির কাছাকাছি। জুনে কলকাতাতেও প্রায় একই তাপমাত্রা রয়েছে।
ফ্রান্সের আবহাওয়া অফিস মেটকো ফ্রান্স টুইট করে জানিয়েছে, এর আগে জুনে এত গরম আর কখনও পড়েনি। দেশের গড় তাপমাত্রা এখন ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। জার্মানির আবহাওয়া অফিস জানিয়েছে, বার্লিনের তাপমাত্রা ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। পোল্যান্ডে জুনের তাপমাত্রা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সেদেশের গড় তাপমাত্রা এখন ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
ইউরোপ জুড়ে রাতের তাপমাত্রাও এখন যথেষ্ট বেশি। যাঁরা এয়ার কন্ডিশনড বাড়িতে থাকেন না, তাঁরা পড়ছেন বিপদে। বৃদ্ধ-বৃদ্ধা এবং শিশুদের নানা শারীরিক নানা সমস্যা হচ্ছে। বৃহস্পতিবার ফ্রান্সে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবারের মধ্যে তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্পেন থেকে পোল্যান্ডে গড় তাপমাত্রা এখন স্বাভাবিকের চেয়ে ১১ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। স্পেনের মাদ্রিদে তাপমাত্রা এখন ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস।
এই তাপপ্রবাহের কারণ হিসাবে দু’টি উচ্চচাপকে দায়ী করা হচ্ছে। একটি উচ্চচাপ অঞ্চল আছে গ্রিনল্যান্ডের কাছে। অপরটি উত্তর-মধ্য ইউরোপে।