দ্য ওয়াল ব্যুরো : সোমবার প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে রাজৌরি সেক্টরে (Rajouri Sector) টহল দিতে বেরিয়েছিলেন কয়েকজন সৈনিক। পরে পুঞ্চ জেলার কৃষ্ণগতি সেক্টরের কাছে এক গ্রামে তাঁরা অভিযান চালান। নির্দিষ্ট খবরের ভিত্তিতে এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলে। এমন সময় গোপন আস্তানা থেকে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। গুলিবিনিময়ের সময় গুরুতর আহত হন একজন জুনিয়ার কমিশনড অফিসার ও চার সৈনিক। পরে তাঁরা মারা যান।
এদিন সকালে বান্দিপোরা অঞ্চলে এক জঙ্গি নিহত হয়। সে ছিল লস্কর-ই-তৈবার সদস্য। বান্দিপোরায় এক নিরীহ ব্যক্তিকে খুনের ঘটনায় সে জড়িত ছিল। সোমবার কাশ্মীর পুলিশ টুইট করে জানিয়েছে, রবিবার মাঝরাতে নিহত হয়েছে এক অজ্ঞাতপরিচয় জঙ্গি। মঙ্গলবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এলাকার এই ঘটনায় এনকাউন্টারে জখম হয়েছেন এক পুলিশকর্মীও। কাশ্মীর পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে এই কথা।
কাশ্মীরে জঙ্গিদমনে এক বড়সড় তল্লাশি অভিযানে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ইতিমধ্যেই কাশ্মীরের প্রায় ২০টি জায়গায় তল্লাশি চালিয়ে তারা আটক করেছে ৭০০-রও বেশি সাধারণ মানুষকে! অভিযোগ, আড়াল থেকে জঙ্গিদের মদত দিতেন তাঁরা। কেউ কেউ সারা বছর আন্ডারগ্রাউন্ড থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-ই-ইসলামির হয়ে নাশকতামূলক কাজ করতেন। ধৃতদের মধ্যে বেশিরভাগই যুবক বলে জানা গিয়েছে। তাঁরা দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা।
গত এক সপ্তাহে কাশ্মীরে নিহত হয়েছেন সাত জন সাধারণ মানুষ, যার মধ্যে রয়েছেন কাশ্মীরি পণ্ডিত এবং শিখ সম্প্রদায়ের লোকজন। এর পরেই অপরাধীদের খতম করতে উঠে-পড়ে লেগেছে প্রশাসন।
২০২০-র ফেব্রুয়ারি মাস থেকেই জঙ্গি সংগঠন আইএস তাদের ভারতীয় মুখপত্র ‘ভয়েজ অব হিন্দ’ প্রকাশ করছে অনলাইনে। এর পরেই বেড়েছে বহু জঙ্গি ক্রিয়াকলাপ। ওই পত্রিকার প্রভাবেই কাশ্মীরের যুবকদের ধর্মীয় মৌলবাদী কার্যকলাপে জড়িয়ে পড়ার ঘটনা লক্ষ্য করছেন গোয়েন্দারা। সেই সূত্রেই শ্রীনগর, অনন্তনাগ, বারামুলা, কুলগামের বিভিন্ন ঠিকানায় অভিযান চালায় এনআইএ। আটক করে ৭০০ জনেরও বেশি যুবককে। বাজেয়াপ্ত করা হয়েছে বহু ল্যাপটপ, মোবাইল ফোন।
এক সিনিয়র পুলিশ অফিসার বলেন, "আমরা এই আক্রমণের চেনটা ব্রেক করতে চাইছি। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জঙ্গি সংগঠন শক্তি বাড়াচ্ছে। এর পর থেকেই সহজ লক্ষ্য খুঁজে নিয়ে কাশ্মীরে খুন করা হচ্ছে একের পর এক সাধারণ মানুষকে। এই অভিযানের পরে তাদের শক্তিতে টান পড়বে বলে মনে করা হচ্ছে।"