
গ্রাফিক্স। দ্য ওয়াল।
শেষ আপডেট: 18 January 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: ফিল্মি কায়দায় গত বুধবার আদালত থেকে জেলে ফেরার পথে রাস্তায় শৌচালয় যাওয়ার নাম করে গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার কাছে পুলিশকে গুলি চালিয়ে পালিয়েছিল বিচারাধীন বন্দি সাজ্জাক আলম। ওই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে সেদিন বন্দির দা.য়িত্বে থাকা চার পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম বলেন, "পুলিশের গাফিলতি তো অবশ্যই ছিল। তা না হলে বিচারাধীন বন্দি অস্ত্র পেল কীভাবে?"
পুলিশের অনুমান, ওই দিন আদালত চত্বরেই জেলবন্দি আসামীকে বন্দুক দিয়ে সাহায্য করেছিল কেউ। আর দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের গাফিলতিতেই সেটা সম্ভব হয়েছে।
ইতিমধ্যে এনকাউন্টারে মৃত সাজ্জাকের বন্দুকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এডিজি জানান, তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। বন্দুকটি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হচ্ছে।
একই সঙ্গে পর পর চারটি ধর্ষণ-নির্যাতনের কেসে দ্রুত বিচার সম্পন্ন হওয়ার জন্য পুলিশ কর্মীদের প্রশংসাও করেছেন এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। এডিজির কথায়, "মাটিগাড়া,জয়নগর, ফারাক্কা এবং গুড়াপ- পর পর চারটে কেসে পুলিশ খুব দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করেছে বলে অপরাধীদের সর্বোচ্চ সাজা হয়েছে। এত দ্রুত পর পর চারটি কেসে পুলিশের সাফল্যের এমন নজির সারা দেশেও নেই।"