
বিমান বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 22 July 2024 15:06
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিধানসভাতেই হবে নবনির্বাচিত চার বিধায়কের শপথগ্রহণ। সোমবার বিএ কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই এই শপথগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিট কেলেঙ্কারি নিয়ে মঙ্গলবারই রাজ্য বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আগামী বৃহস্পতিবার ন্যায় সংহিতা নিয়েও প্রস্তাব আনা হবে। সেদিন দেড় ঘন্টা ও শুক্রবার দেড় ঘণ্টা বরাদ্দ করা হয়েছে ন্যায় সংহিতা নিয়ে আলোচনা করার জন্য।
দুই বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত হয়েছে। তাই পরবর্তী ক্ষেত্রে চার উপনির্বাচনের প্রার্থীদের শপথগ্রহণ নিয়ে যাতে একইরকম জটিলতা সৃষ্টি না হয় তার জন্য আগেই রাজভবনে চিঠি দিয়েছিল বিধানসভা। যদিও রাজভবনের তরফে একটি পাল্টা চিঠি আসায় ফের জটিলতার পরিস্থিতি তৈরি হয়। তবে এর মধ্যেই জানা গেল, মঙ্গলবারই নব নির্বাচিত চার বিধায়কের শপথগ্রহণ হবে বিধানসভায়।
গত বৃহস্পতিবার রাজভবনের তরফে বিধানসভায় একটি চিঠি আসে। তারপর মনে করা হয়েছিল, এই শপথগ্রহণ নিয়ে আবার জটিলতা তৈরি হবে। কিন্তু সেই চিঠিতে বিধায়কদের শপথগ্রহণ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। বরঞ্চ, দুটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল। এক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথগ্রহণের দায়িত্ব বিধানসভার ডেপুটি স্পিকারকে দেওয়া সত্ত্বেও সত্যিই কি বিধানসভার স্পিকার তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন? দুই, বিধানসভার অধিবেশন ‘মুলতবি’ না করে কেন বার বার ‘স্থগিত’ করা হচ্ছে।
সোমবার বিধানসভার তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজভবনে যে চিঠি পাঠানো হয়েছিল তার কোনও সদুত্তর এখনও আসেনি। তাই কোনও রকম অপেক্ষা না করে মঙ্গলবারই চার বিধায়কের শপথগ্রহণ করানো হবে।