দ্য ওয়াল ব্যুরো: গুগলের ক্যাম্পাসে ক্রেন দুর্ঘটনায় নিহত চার জন! আহত আরও চার। আচমকা এত বড় দুর্ঘটনায় স্তম্ভিত সকলে। গুগল কর্তৃপক্ষ জানাচ্ছেন, এমন মারাত্মক দুর্ঘটনা আগে কখনও ঘটেনি তাঁদের ক্যাম্পাসে। কী ভাবে এমন ত্রুটি ঘটে গেল, খতিয়ে দেখছেন তাঁরা।
আমেরিকার উত্তর-পশ্চিমে সিয়াটেলে অবস্থিত গুগলের একটি ক্যাম্পাসে কিছু নির্মাণ কাজ চলছিল। শনিবার স্থানীয় সময় দুপু তিনটের দিকে ক্যাম্পাসের একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ের ছাদ থেকে আস্ত একটি ক্রেন পড়ে যায় নীচে। নীচেই ছিল পার্কিং। ছ'টি গাড়ির উপরে ভেঙে পড়ে ক্রেনটি। এক জন মহিলা-সহ মোট চার জন মারা যান ঘটনাস্থলেই।
পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দু'জন ওই ক্রেনের অপারেটর ছিলেন। অন্য দু’জন পার্কিংয়ে রাখা দু’টি গাড়ির ভেতরে ছিলেন। আহতদের মধ্যে ২৭ বছরের এক যুবক, ২৫ বছরের এক তরুণী ও চার মাসের এক শিশুকন্যা রয়েছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলেই চিকিৎসকেরা জানিয়েছেন।
এই দুর্ঘটনায় ওয়াশিংটনের শ্রম ও শিল্প দফতর পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।