দ্য ওয়াল ব্যুরো: যৌন সঙ্গমে করোনা ছড়ায় না, এমন দাবি করেছিলেন বিজ্ঞানীরা। তবে এবার এই দাবির সত্যতা কতটা সে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তার কারণ হল চিনের বিজ্ঞানীরা দাবি করেছেন, কোভিড পজিটিভ ৬ জন পুরুষের বীর্যে নাকি করোনাভাইরাস খুঁজে পাওয়া গেছে। বীর্যে এই ভাইরাস ঠিক কতক্ষণ বেঁচে থাকবে বা সঙ্গমের সময় সঙ্গী বা সঙ্গিনীর শরীরে ছড়াবে কিনা সেটা অবশ্য এখনও জানা যায়নি।
চিনের শাঙ্গকুই হাসপাতালের ভর্তি ৩৮ জন করোনা রোগীর মধ্যে ছ’জনের বীর্যে সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন দেখে রীতিমতো চমকে গেছেন বিজ্ঞানীরা। ফুসফুসে সবচেয়ে আগে ছড়ায় এই ভাইরাস। সেখান থেকে রক্তস্রোতে বাহিত হয়ে লিভার, খাদ্যনালী, কিডনি এমনকি অন্ত্রকেও সংক্রামিত করে। হৃদপেশীর কোষেও করোনার সংক্রমণ খুঁজে পাওয়া গেছে। কিন্তু বীর্যের মধ্যে এই ভাইরাস কীভাবে এল সেটা এখনও বুঝে উঠতে পারছেন না গবেষকরা।
হাঁচি, কাশি, থুতু-লালার মাধ্যমে সার্স-কভ-২ ভাইরাস ছড়ায় এই দাবি গবেষকদেরই। যাকে বলা হয় রেসপিরেটারি ড্রপলেট। বিজ্ঞানীরা তাই বলেছিলেন, করোনা পজিটিভ সঙ্গীকে চুমু খাওয়াটা মোটেও নিরাপদ নয়। কারণ লালার মাধ্যমে এক শরীর থেকে অন্য শরীরে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তবে সঙ্গমে কোনও সমস্যার কথা বলা হয়নি। কারণ বিজ্ঞানীদের ধারণাই ছিল এই আরএনএ ভাইরাস শুক্রাণুর মধ্যে বাসা বাঁধতে পারবে না। ‘ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি’ মেডিক্যাল জার্নালে এই গবেষণার কথা বলেও ছিলেন চিন ও আমেরিকার বিজ্ঞানীরা। এই গবেষণার সত্যতা প্রমাণের জন্য আটদিন ধরে ৩৪ জন কোভিড পজিটিভ রোগীর বীর্য নিয়ে পরীক্ষা চলেছিল। প্রথম আটদিনে বীর্যে কোনও ভাইরাস মেলেনি। এরপরে লাগাতার তিনমাস ধরে পরীক্ষা চলে। তাতেও বীর্যে কোনও ভাইরাল স্ট্রেনের দেখা মেলেনি। এর থেকেই বিজ্ঞানীরা একপ্রকার নিশ্চিত হন যে, পুরুষের শরীরে ভাইরাস থাকলেও সেটা বীর্যের মাধ্যমে ছড়াবে না।
উটাহ ইউনিভার্সিটির গবেষক ডক্টর জন হোটালিং বলেছেন, যে ছ’জনের বীর্যে ভাইরাস মিলেছে তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। দু’জন সেরে ওঠার মুখে। যদি গবেষকরা জানাচ্ছেন, বীর্যে ভাইরাস থাকা মানেই সঙ্গমের সময় সেই ভাইরাস অন্য শরীরে প্রবেশ করবে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। কারণ বীর্যে ভাইরাস ঠিক কতদিন বেঁচে থাকতে পারবে বা তার ইনকিউবেশন পিরিয়ড অজানা। তাছাড়া যদি ধরেও নেওয়া যায়, বেশ কিছুদিন বীর্যে ভাইরাস টিকে রইল, তাহলেও সেই স্ট্রেন সঙ্গমের সময় অন্য শরীরে ঢুকে সংক্রমণ ছড়াতে পারবে কিনা সেটা গবেষণার পরেই বলা যাবে।
ডেঙ্গির ভাইরাসকে বীর্যের মাধ্যমে ছড়াতে দেখা গেছে। পুরুষের বীর্যে জিকা ভাইরাস থেকে যায় সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত। ফলে তাঁর থেকে আক্রান্ত হন তাঁর যৌনসঙ্গী বা সঙ্গিনী। আর সার্স-কভ-২ ভাইরাস যেভাবে তার জিনের গঠন বদলে চলেছে তাতে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও পুরোপুরি নিশ্চিত নন বিজ্ঞানীরা।