
শেষ আপডেট: 1 April 2024 20:25
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: লোকসভা ভোটে প্রার্থী নিয়ে জোট পেকেছে সিপিএম, কংগ্রেস, বাম শরিক দল ফরওয়ার্ড ব্লকের মধ্যে। আসন সমঝোতা নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছে। ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে পুরুলিয়ায় নেপাল মাহাতকে দাঁড় করিয়েছে কংগ্রেস। এদিকে বাম শরিকদল ফরওয়ার্ড ব্লক দলীয় প্রার্থী হিসাবে ধীরেন্দ্রনাথ মাহাতর নাম ঘোষণা করেছে।
সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ইতিমধ্যেই একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে। ইতিমধ্যে ধীরেন্দ্র নাথ মাহাতর নামে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছে ফরওয়ার্ড ব্লক। গোটা বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
কংগ্রেস ও বাম জোট পুরুলিয়ায় লড়ার জন্য তৈরি হচ্ছিল। সেখানে কংগ্রেসকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর জন্য জায়গা ছেড়ে দিতে বলেছিল সিপিএম। কিন্তু তাঁর আগেই ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে কংগ্রেস পুরুলিয়া আসনে নেপাল মাহাতর নাম ঘোষণা করে দেয়।
বামেদের শরিক ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের দাবি, সিপিএম ও অন্যান্য বাম শরিক দলগুলির কাছে তাঁরা কোচবিহার, পুরুলিয়া, বারাসত এই তিন আসনের জন্য প্রার্থী দেওয়ার আবেদন করেছিলেন। কারণ এই আসন তিনটি ফরওয়ার্ড ব্লকের ঐতিহ্যবাহী আসন। সাতের দশক থেকে লাগাতার এই তিন আসনে ফরওয়ার্ড ব্লক লড়ে আসছে।
কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের নেতাকে প্রার্থী করেছে বাম-কংগ্রেস জোট। সেখানে কংগ্রেসের সঙ্গে সমঝোতাও হয়েছে। কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে এখনও তেমন কোনও বোঝাপড়া হয়নি। কিন্তু তার আগেই ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে দিল্লি থেকে পুরুলিয়া আসনের জন্য কংগ্রেস নেপাল পাত্রর নাম ঘোষণা করায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ফরওয়ার্ড ব্লক পুরুলিয়ায় এককভাবে লড়ার জন্য তৈরি হচ্ছে। সেখানে সিপিএম ও বাকি শরিক কংগ্রেসকে সমর্থন করলে তারা জোটে থাকবে না বলে জানিয়ে দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।
এমন পরিস্থিতিতে নেপাল মাহাতর বক্তব্য, সিপিএম ইন্ডিয়া জোটকে সমর্থন করলেও ফরওয়ার্ড ব্লক বাইরেই রয়েছে। যত দূর তিনি খবর পেয়েছেন সিপিএম তাঁকেই সমর্থন করবে।
নেপালবাবুর এই বক্তব্যের পর সিপিআইএমের জেলা সম্পাধক প্রদীপ রায় বলেন, ‘লোকসভা ভোটে প্রার্থী সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে পার্টির পলিটব্যুরো ও যা বলার বলবেন বামফ্রন্টের আহ্বায়ক বিমান বসু । বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক। কে কোথায় কী বলেছেন তার উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়। আমি দেখলাম রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশে ফরওয়ার্ড ব্লকের সর্ব ভারতীয় নেতৃত্ব দেবারাজন বক্তব্য রেখেছেন। ভোটাররা তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে কাকে ভোট দেবে বা বামফ্রন্ট কাকে ভোট দিতে বলবে তা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।‘