
শেষ আপডেট: 25 August 2023 11:30
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব রেসলিং দুনিয়ায় অতি পরিচিত নাম। রেসলিং (WWE) যাঁরা নিয়মিত দেখেন তাঁরা অবশ্যই চিনবেন ব্রে ওয়াটকে (Bray Wyatt)। মাত্র ৩৬ বছর বয়সেই অকাল মৃত্যু হয়েছে ব্রে-র। জানা গেছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। গত কয়েকবছর ধরেই মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। রেসলিংয়ের জগৎ থেকেও সরে গিয়েছিলেন। টিভিতেও তাঁকে দেখা যাচ্ছিল না। বৃহস্পতিবার তাঁর (Bray Wyatt) পরিবারের তরফ থেকে জানানো হয়, হৃদরোগে প্রয়াত হয়েছেন ব্রেন ওয়াট।
রেসলিং জগতের তারকা ব্রে-র (Bray Wyatt) আসল নাম উইন্ডহ্যাম রোটুন্ডা। তাঁর পরিবারও রেসলিং দুনিয়ার সঙ্গে জড়িত। রেসলম্যানিয়া ৩৯ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি ওয়াট। পাশাপাশি একটি ঝামেলার কারণে ইভেন্টের কয়েক সপ্তাহ আগেই তাঁকে টেলিভিশন থেকেও বাদ দেওয়া হয়েছিল। ব্রে ওয়াটের (Bray Wyatt) সমর্থকরা তাঁর কামব্যাকের অপেক্ষায় ছিলেন। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। রেসলিং রিং থেকে চিরতরে হারিয়ে গেলেন ব্রে। WWE-র তরফে উইন্ডহ্যাম রোটুন্ডা ওরফে ব্রে ওয়াটের প্রয়াণে শোকপ্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: এএফসি কাপে মোহনবাগানের খেলা দশমীর দিন, বাকি ম্যাচ কবে ও কোথায়
২০১২ সালে সামান্থাকে বিয়ে করেন উইন্ডহ্যাম রোটুন্ডা। দুই মেয়ে রয়েছে তাঁদের। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয়। এরপর রিং অ্যানাউন্সার জোজো-র সঙ্গে সম্পর্কে ছিলেন ব্রে। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে। গতবছরই জোজো এবং রোটুন্ডার বাগদান হয়।