দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্ত হলেন বিজেপি নেত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। আপাতত উত্তরাখণ্ডের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
কয়েক দিন ধরেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর শরীরে জ্বর, সর্দির মতো উপসর্গ ছিল। রবিবার সকালে তাঁর লালা রসের নমুনা সংগ্রহ করা হয়। সন্ধেবেলা রিপোর্ট আসে পজিটিভ।
কোভিড আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম নেত্রী। তিনি বলেছেন, "কয়েকদিন ধরে আমার শরীরে কোভিডের উপসর্গ ছিল। আজ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।"
সম্প্রতি তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের উদ্দেশে উমা আর্জি জানিয়েছেন, তাঁরা যেন টেস্ট করিয়ে নেন এবং আপাতত কয়েকটা দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন। হরিদ্বার ও হৃষিকেশের মাঝে উমা ভারতীর একটি বাংলো রয়েছে। আপাতত সেখানেই রয়েছেন তিনি।
কোভিডের বিষয়ে উমা ভারতী প্রথম থেকেই সতর্ক ছিলেন। এমনকি রামমন্দিরের ভূমিপুজোয় যাওয়ার আগে তিনি যোগী সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন, "আমি অযোধ্যায় যাব। তবে মূল অনুষ্ঠানের সময়ে আমি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব না। ওই সময়ে আমায় সরযূ নদীর তীরে বসার অনুমতি দেওয়া হোক।" তিনি বলেছিলেন "ভিড় কমলে আমি রামলালার দর্শন করে আসব।" যদিও পরে মত পাল্টে ভূমি পুজোতে উপস্থিত ছিলেন উমা ভারতী।