
শেষ আপডেট: 9 January 2023 04:09
দ্য ওয়াল ব্যুরো: পুরানো শত্রুতার জের। কংগ্রেসের প্রাক্তন বিধায়কের নাতিকে (Congress MLA's grandson) পিটিয়ে মারল (beaten to death) দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কোপাগঞ্জ থানা এলাকার লাইরো ডনওয়ার গ্রামে। মৃত যুবকের নাম হিমাংশু সিং। তাঁর বয়স ৩৫ বছর। তিনি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক প্রয়াত কেদার সিংয়ের নাতি। কেদার সিং ১৯৮০ সালে ঘোষি বিধানসভা আসনে কংগ্রেসের হয়ে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন।
সূত্রের খবর, শনিবার রাতে লাইরো ডনওয়ার গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন হিমাংশু। সেখানেই ১০টা নাগাদ একদল যুবকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। এরপরেই লাঠি, রড নিয়ে তাঁর উপর চড়াও হয় সাত-আটজন যুবক। তাঁকে বেধড়ক পেটানোর পর অর্ধমৃত অবস্থায় মাহুয়ার গ্রামে ফেলে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় হিমাংশুর।
তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে হিমাংশুকে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে।
ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি, কলকাতা থেকে রাজধানীগামী ট্রেনগুলি ৫-৭ ঘণ্টা দেরিতে চলছে