
শেষ আপডেট: 17 November 2023 11:26
দ্য ওয়াল ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীকে সিজিওতে তলব করল ইডি। এই নিয়ে টানা চার বার প্রাক্তন এই পুর কর্তাকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, প্রশান্ত চৌধুরী টিটাগড় পুরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রায় ২৪০ জন কর্মীকে পুরসভায় নিয়োগ করা হয়েছিল। ওই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে পুঙ্খানপুঙ্খ তথ্য জানতে ফের প্রশান্ত চৌধুরীকে তলব করেছে ইডি।
শিক্ষা দুর্নীতির তদন্তে নেমে ইডির হাতে উঠে আসে পুর নিয়োগ দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। তারই ভিত্তিতে সম্প্রতি কয়েক দফায় উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভায় তল্লাশি অভিযানও চালানো হয়। টিটাগড় পুরসভার পাশাপাশি প্রশান্ত চৌধুরীর বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছিলেন তদন্তকারীরা। তাঁর বাড়ি এবং অফিস থেকে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছিল বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, গত বুধবার ভাইফোঁটার দিন সাতসকালে আচমকা ইডি দফতরে হাজির হয়েছিলেন টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। কয়েক মিনিটের ব্যবধানে ইডি দফতর থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। প্রশ্নের জবাবে প্রশান্ত চৌধুরী জানিয়েছিলেন, “আমাকে ডাকা হয়নি। আমি এসেছিলাম, আমাকে আবার কবে ডাকা হবে, সেটা জানতে। ওঁরা বললেন, ফোন করে পরবর্তী হাজিরার তারিখ জানিয়ে দেবেন।”
সূত্রের খবর, এরপরই বৃহস্পতিবার সন্ধেয় ফের নোটিস পাঠানো হয় প্রশান্ত চৌধুরীকে। নোটিস মেনে এদিন সকালে সিজিওতে হাজির হয়েছেন টিটাগড় পুরসভার চেয়ারম্যান। পুর নিয়োগ দুর্নীতির বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।