দ্য ওয়াল ব্যুরো : আগামী বছরেই ভোট (Election) হবে উত্তরপ্রদেশে। তার আগে সমাজবাদী পার্টিকে সমর্থনের কথা ঘোষণা করল বিজেপির এক প্রাক্তন জোটসঙ্গী। সেই দলের নাম সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি)। দলের সভাপতি ওমপ্রকাশ রাজভর বুধবার ঘোষণা করেন, আসন্ন বিধানসভা ভোটে তাঁরা সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে লড়াই করবেন। উত্তরপ্রদেশে রাজভর সমাজের ওপরে ভাল প্রভাব রয়েছে এসবিএসপি-র।
এদিন উত্তরপ্রদেশের মাউ জেলার হলধরপুরে এক সভা করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব। সেখানে উপস্থিত ছিলেন ওমপ্রকাশ রাজভর। তিনি বলেন, উত্তরপ্রদেশ মানুষ স্থির করেছেন, এবার তাঁরা বিজেপিকে হারাবেন। তাঁর কথায়, "বর্তমান সরকারের ওপরে কেউ সন্তুষ্ট নয়। জিনিসপত্রের দাম বাড়ছে। কেন্দ্র বা রাজ্য সরকারের ওপরে কারও আস্থা নেই।" ওমপ্রকাশের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সম্পদ বিক্রি করছেন।
২০১৭ সালে ওমপ্রকাশের দল বিজেপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। পরে ওমপ্রকাশ যোগী আদিত্যনাথ সরকারে মন্ত্রীও হন। ২০১৯ সালের লোকসভা ভোটে আসন ভাগাভাগি নিয়ে তাঁদের সঙ্গে বিজেপির বিরোধ শুরু হয়। ওমপ্রকাশকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন যোগী আদিত্যনাথ।