
বীরবাহা হাঁসদা
শেষ আপডেট: 30 August 2024 14:40
দ্য ওয়াল ব্যুরো: ফের দত্তক নিতে চলেছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। তাই মন্ত্রীর পরিবারে এখন খুশির হাওয়া। ওড়িশার নন্দনকানন থেকে দুজোড়া মাউস ডিয়ারকে আলিপুর চিড়িয়াখানায় আনা হয়েছে। এটি হরিণের আরেক প্রজাতি। খয়েরি-কালো গায়ে সাদা নকশাকাটা। হরিণের অন্য প্রজাতির থেকে গরনেও ছোটখাটো। মুখের আদল অনেকটা ইঁদুরের মতো বলে পোশাকি নাম "মাউস ডিয়ার"।
বৃহস্পতিবার এই মাউস ডিয়ারগুলিকে দেখতে আলিপুর চিড়িয়াখানার গেছিলেন বনমন্ত্রী বীরবাহা। খুদে এই দুজোড়া হরিণ নজর কেড়েছে তাঁর। তাই মা, বোন, ভাই, বউদির নামে এই চার হরিণছানাকে দত্তক নেবার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে।
এই বিষয়ে জানতে সরাসরি বনমন্ত্রী বীরবাহা হাঁসদার সঙ্গে কথা বলেছিল দ্য ওয়াল। প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেছেন, " গতকালই (বৃহস্পতিবার) ভুবনেশ্বর জু থেকে চারটে মাউস ডিয়ার, একজোড়া সিংহ, একটি বাঘিনি এবং হিমালয়ের দুটি কালো স্ত্রী-ভল্লুক আনা হয়েছে। আমি তাদের দেখতে গেছিলাম। মাউস ডিয়ারগুলোকে দেখে খুব ভালো লেগেছে। তাই আমি সেগুলো নিজের পরিবারের সদস্যদের নামে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মা, বোন, ভাই, ভাইয়ে স্ত্রীয়ের নামে দত্তক নেব। বাবার নামেও দত্তক নেওয়ার ইচ্ছে আছে। তবে এক্ষেত্রে অন্য প্রাণী দত্তক নেব।"
বীরবাহা আরও জানিয়েছেন, ২০২১ সালে থেকে দায়িত্ব নেওয়ার পরে রাজ্যের চিড়িয়াখানাগুলির সংস্কারের কাজ চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সেই সব কাজ হচ্ছে। এর আগেও তিনি ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে একটি ফিশিংক্যাট দত্তক নিয়েছিলেন। আলিপুর চিড়িয়াখানাকে ঢেলে সাজানোর কাজ চলছে। সেখানে একটি অভিনব পাখিরালয় তৈরির পরিকল্পনা রয়েছে দফতরে। নানা প্রজাতির পাখির দেখা মিলবে।
বীরবাহা বলেন, " এই চার সদস্য আমার পরিবার আসায় খুব ভালো লাগছে। আমি চাই আমাদের ভাবি প্রজন্ম বন্যপ্রাণীদের চিনুক। তাই বিলুপ্ত প্রায় প্রাণীদের বাঁচাতে আমরা নিরন্তর কাজ করে চলেছি।"
এর আগে হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে মাউস ডিয়ার আনা হয়েছিল আলিপুরে। এবার আলিপুর থেকে ভুবনেশ্বরে গোসাপ ও গিরগিটি জাতীয় দুটি সরীসৃপ এবং একটি ‘স্পুনবিল’ পাখি পাঠানো হয়েছে।
চিড়িয়াখানার অধির্কতা শুভঙ্কর সেনগুপ্তের সঙ্গেও কথা বলেছিল দ্য ওয়াল। তিনি জানিয়েছেন, মন্ত্রী ওই দুজোড়া মাউস ডিয়ারকে দত্তক নেওয়ার ইচ্ছে জানিয়েছেন। কাগজপত্র তৈরি হচ্ছে।