দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছর দেশের ১৩ হাজার ধর্ষণের ঘটনায় কোনও ফরেন্সিক পরীক্ষা হয় না। এমনই অভিযোগ তুললেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। আর এর প্রধান কারণ হল, দেশের ফরেন্সিক ল্যাবগুলির বেহাল দশা।
চণ্ডীগড়ে একটি নতুন ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধন করতে এসে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল)গুলিকে আরও আধুনিক করে তোলার কথা বলছিলেন মানেকা। তিনি বলেন, “এ দেশে এক বছরে ১৬ হাজারটি ধর্ষণের অভিযোগের মধ্যে বড় জোর হাজার তিনেকের ফরেন্সিক বিশ্লেষণ হয়। অর্থাৎ ১৩ হাজার কেসে হাতই পড়ে না। এটা জেনে আমি বিস্মিত!”
মানেকার দাবি, চণ্ডীগড়ের ল্যাবরেটরিগুলিতে বছরে এই পরীক্ষার সংখ্যা ১৬৫ থেকে বাড়িয়ে ২০০০ করা হয়েছে। তিনি আরও জানান, মুম্বই, চেন্নাই, পুণে, ভোপাল এবং গুয়াহাটিতে আরও পাঁচটি নতুন ল্যাবরেটরি তৈরি করা হবে, যাতে এ দেশে প্রতি বছর দায়ের হওয়া ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে আরও বেশি করে পরীক্ষা করা যায়। এতে বিচার পদ্ধতিও আরও দ্রুত হবে।
মন্ত্রকের তরফে একটি নতুন কিটের সূচনা করার কথাও বলেন মানেকা। এই কিটগুলি সমস্ত থানায় এবং হাসপাতালে থাকবে। তিনি জানান, কোনও অপরাধ বা দুর্ঘটনায় যাতে ঘটনাস্থল থেকে আরও সুষ্ঠু ভাবে তথ্যপ্রমাণ সংগ্রহ করা যায়, সে বিষয়ে বিস্তারিত নির্দেশ থাকবে। ওই কিটের মাধ্যমে সংগ্রহ করা তথ্যপ্রমাণ সিল করে সরাসরি ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া যাবে বলে জানান তিনি। জুলাইয়ের শেষ দিক থেকে এই কিট পাওয়া যাবে থানায়।
এ ছাড়াও, স্মার্টফোনে ‘প্যানিক বাটন’ রাখা এবং দেশের বাইরে থাকা নাগরিকদের সমস্যা সমাধানে আরও দ্রুততা আনা নিয়েও কথা বলেন তিনি।