
শেষ আপডেট: 30 August 2019 10:32
বহু বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে আবর্জনা কুড়িয়ে ট্রাকে করে সেগুলি নিয়ে আসের কাজ করেন গুতিয়ের্জ। এক দিন হঠাৎই আবর্জনার মধ্যে একটি বইকে ভাল অবস্থায় পড়ে থাকতে দেখে, নিজের বাড়িতে নিয়ে এসে রাখেন গুতিয়ের্জ। লিওটলস্টয়ের আনা কারেনিনা নামের বইটিই ছিল লাইব্রেরির প্রথম বই। তখন অবশ্য লাইব্রেরির কথা ভেবে বইটি এনে রাখেননি। নিছকই কৌতূহলে এবং প্রাণে ধরে নষ্ট করতে না পেরে তুলে এনেছিলেন সেটি। কিন্তু এখন গুতিয়ের্জের বইয়ের সংখ্যা ২৫ হাজার। সব ক'টিই ফেলে দেওয়া বই, আবর্জনা থেকে কুড়োনো।
প্রথম বইটি কুড়িয়ে আনার পর থেকেই যেখানে যত বই ভাল অবস্থায় পড়ে থাকতে দেখতেন, নিয়ে এসে বাড়িতে রাখতেন গুতিয়ের্জ। ক্রমে তাঁর বাড়ির একতলাটা পুরো ভরে যেতে থাকে নানা রকমের বইয়ে। এক সময়ে স্থানীয় মানুষদের চোখে পড়তে, আনাগোনা শুরু করেন তাঁরা। কেউ কেউ বই পড়তে চান সেই সংগ্রহ থেকে। কেউ আবার বাচ্চাদের জন্য চেয়ে নিয়ে যান পুরনো গল্পের বই।
এ দিকে গুতিয়ের্জের সংগ্রহ কিন্তু থামেনি। কোনও কিছু ভেবে শুরু না করলেও, এক সময়ে আবর্জনার স্তূপ থেকে ফেলে দেওয়া বই খুঁজে আনাটা নেশায় পরিণত হয় তাঁর। কাজে বেরিয়ে আবর্জনা সংগ্রহ করার সময়ে খেয়াল রাখতেন, কেউ কোথাও কোনও বই ফেলে দিয়েছে কি না। এবং সকলকে অবাক করে, বেড়েই চলে এই বইয়ের কালেকশন। এত মানুষ এত বই স্রেফ ফেলে দিয়েছেন! এটা ভেবেই অবাক হয়ে যান অনেকে।
শুধু তা-ই নয়। গুতিয়ের্জের সংগ্রহ করা ফেলে দেওয়া বইযের মধ্যে যে হেতু প্রচুর সংখ্যক শিশুপাঠ্য বই থাকে, স্কুলের বই থাকে, তাই সেগুলি কাজে লাগানোর ব্যবস্থা করেছেন গুতিয়ের্জ। ২৩৫টি স্কুলে, গরিব বাচ্চাদের উদ্দেশে সে সব বই পাঠিয়ে দেন তিনি।
এখন গুতিয়ের্জের লাইব্রেরি দেখতে পর্যটকেরাও আসেন দেশ-বিদেশ থেকে। অনেকে সাহায্য করেন এই লাইব্রেরির উন্নতিতে। স্থানীয় বইমেলায় স্টল দেন গুতিয়ের্জ।
কিন্তু এ সবের মাঝে কিন্তু পুরনো পেশা থেকে মোটেই ছুটি নেননি গুতিয়ের্জ। রোজ বেরোন ট্রাক নিয়ে, সংগ্রহ করেন আবর্জনা। তার মধ্যে থেকেই খুঁজে বার করেন বই। শুধু তা-ই নয়। গুতিয়ের্জের পরিচিত, আবর্জনা সংগ্রহকারী অন্যান্য ট্রাক-চালকেরাও জানেন, নোংরার মধ্যে কোনও ফেলে দেওয়া বই পেয়ে গেলে, সেটির ঠিকানা গুতিয়ের্জের লাইব্রেরি।