দ্য ওয়াল ব্যুরো : বুধবার সকালে সরকার জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫২৫ জন। এরই মধ্যে জানা গেল, মঙ্গলবার সামাজিক দূরত্বে বিধি অগ্রাহ্য করে মধ্যপ্রদেশে জড়ো হয়েছিলেন কয়েকশ মানুষ। এক জৈন সাধু ও তাঁর শিষ্যদের স্বাগত জানাতে তাঁরা ভিড় করেন। দেশে যে রাজ্যগুলিতে করোনার সংক্রমণ বেশি দেখা গিয়েছে, তার অন্যতম মধ্যপ্রদেশ। সেখানে গত কয়েক মাসে আক্রান্ত হয়েছেন ৩৯৮৬ জন। মারা গিয়েছেন ২২৫ জন।
ওই জৈন সাধুর নাম পরমসাগর। তাঁকে স্বাগত জানাতে সাগর জেলার বান্দা শহরে অনেকে ভিড় করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রবীণ ভুরিয়া বলেন, “যাঁরা ওই জমায়েতের আয়োজন করেছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।” সাগর জেলায় এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ জন। মারা গিয়েছেন একজন।
গত কয়েকদিনে দেশের নানা প্রান্ত থেকে সামাজিক দূরত্বের বিধি ভাঙার অভিযোগ শোনা যাচ্ছে। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ ঘোষণা করেছেন, সামাজিক দূরত্বের নিয়ম ভাঙলে অভিযুক্তকে অপরাধী হিসাবেই দেখা হবে।
এর মধ্যে মধ্যপ্রদেশ সরকার ধাপে ধাপে লকডাউন তুলে দেওয়ার পক্ষে মতপ্রকাশ করেছে। সরকার থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, কীভাবে লকডাউন তোলা যেতে পারে, সে বিষয়ে আপনারা পরামর্শ দিন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চহ্বন বলেছেন, কৃষি, শিল্প ও গণ পরিবহণে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সরকার সাধারণ মানুষের পরামর্শ মেনে কাজ করবে।