দ্য ওয়াল ব্যুরো : মেয়ের বয়স ২১। ছেলের বয়স ২৩। তারা মধ্যপ্রদেশের আলিরাজপুরের বাসিন্দা। তাদের বিয়েতে মেয়ের বাড়ির ঘোরতর আপত্তি ছিল। বিয়ের পরে ক্ষতিপূরণ বাবদ ছেলেটি তার স্ত্রীর পরিবারকে দেয় ৭০ হাজার টাকা ও দুটি ছাগল। কিন্তু গ্রামের জাত পঞ্চায়েত ও মেয়ের পরিবার তাতেও শান্ত হয়নি। তারা ওই দম্পতিকে মারধর করে শেষ পর্যন্ত প্রস্রাব খেতে বাধ্য করেছে । অত্যাচারের ভিডিও ছবিও তুলেছে এক গ্রামবাসী।
ছবিতে দেখা যাচ্ছে, ছেলেটিকে খুঁটিতে বাঁধা। মেয়েটি বসে আছে হাঁটু মুড়ে। মেয়ের বাড়ির একজন বলছে, তোরা আমাদের পরিবারের অসম্মান করেছিস। এই হল তার শাস্তি।
পুলিশ সূত্রে খবর, বিয়ের পরে ওই দম্পতি গুজরাতে পালিয়ে যায়। সম্প্রতি ফিরে এসেছিল। গ্রামের জাত পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় তাদের শাস্তি দিতে হবে। ২৫ জুলাই ভোর রাতে বন্দুক দেখিয়ে ওই দম্পতিকে তুলে নিয়ে যাওয়া হয়। মেয়ের পরিবারের লোকেরা তাদের বেধড়ক মারধর করে। জামাকাপড় ছিঁড়ে দেয়। প্রস্রাব খেতে বাধ্য করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। মেয়েটির বাবা, কাকা ও আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তাদের দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।