দ্য ওয়াল ব্যুরো : সোমবার কস্ট বেসড লেন্ডিং রেট ১০ বেসিস পয়েন্ট কমাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। একইসঙ্গে স্থায়ী আমানতেও কমছে সুদ। সুদের পরিবর্তিত হার কার্যকর হবে ১০ সেপ্টেম্বর থেকে। এই নিয়ে এক বছরে পাঁচবার সুদের হার কমাল দেশের বৃহত্তম ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক চলতি বছরে রেপো রেট কমিয়েছে ১.১ শতাংশ। কেন্দ্রীয় ব্যাঙ্ক স্বল্পমেয়াদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ককে যে হারে ঋণ দেয়, তাকে বলে রেপো রেট। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর পরেই এসবিআই-ও সুদের হার কমিয়েছে।
সাত থেকে ৪৫ দিন পর্যন্ত মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার একই থাকছে। এক্ষেত্রে ৪.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ১৮০ দিন থেকে এক বছরের কম মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার হবে ৫.৮ শতাংশ। দু'বছরের বেশি ও তিন বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার হবে ৬.২৫ শতাংশ।
একইসঙ্গে গৃহঋণেও সুদের হার কমিয়েছে এসবি আই।
এছাড়া সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স, আইডিবিআই ব্যাঙ্ক ও আইডিএফসি ব্যাঙ্কও ঋণে সুদের হার কমাচ্ছে।