
শেষ আপডেট: 31 December 2022 18:07
দ্য ওয়াল ব্যুরো: বছর শেষের রাত আনন্দ-উৎসবের রাত হলেও, সে রাতে বিনা ছুটিতে ঘাড় গুঁজে কাজ করে চলা মানুষগুলির সংখ্যা নেহাত কম নয়। আর সেই তালিকাতেই ব্যস্ততম ভূমিকা নিয়েছে, অনলাইন অ্যাপের মাধ্যমে খাবার ডেলিভারি সংস্থার কর্মীরা (Food Delivery)।
এই বিশেষ দিনে (31st Night) অর্ডারের সংখ্যা থাকে অনেক বেশি, তেমনই ব্যস্ত থাকেন ডেলিভারি-কর্মীরা। এমনই পরিস্থিতিতে তুঙ্গে ওঠা চাহিদার কথা মাথায় রেখে, বর্ষশেষের রাতে নিজেই খাবার ডেলিভারি করতে বেরিয়ে পড়লেন জোম্যাটো সংস্থার সিইও (Zomato CEO), দীপিন্দর গোয়েল (Deepinder Goyal)!
এদিন সন্ধ্যায় দীপিন্দর টুইট করেন, 'আমি কয়েকটি অর্ডার ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছি নিজেই। ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসব আশা করছি।'
এর পরেই তিনি আরেকটি টুইট করেন, 'আমার প্রথম ডেলিভারি আমায় আবার জোম্যাটো অফিসেই ফিরিয়ে নিয়ে এল।' অর্থাৎ তাঁরই অফিস থেকে কেউ জোম্যাটোর মাধ্যমে খাবার অর্ডার করেছিলেন। টুইটের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেন তিনি, লাল জোম্যাটোর ইউনিফর্ম তাঁর গায়ে। হাতে কয়েকটি খাবারের বাক্স।
তবে খাবার ডেলিভারি করার জন্য এই প্রথম পথে নামলেন না জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল। এর আগেও অক্টোবর মাসে নকরি ডট কম সংস্থার প্রতিষ্ঠাতা সহ-চেয়ারম্যান সঞ্জীব বিখচন্দানি টুইট করেছিলেন, যে তিনি জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েলের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, বছরে বেশ কয়েকবারই জোম্যাটোর টিশার্ট পরে, খাবার ডেলিভারি করতে নিজে বেরিয়ে পড়েন দীপিন্দর।
আজ, ৩১ ডিসেম্বরও তেমনটাই ঘটল। জানার পরে ধন্য ধন্য করছেন সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা।
বছরের প্রথম দিনে বেশি সময় ধরে বেশি সংখ্যায় মেট্রো! জেনে নিন কখন থেকে শুরু পরিষেবা