দ্য ওয়াল ব্যুরো : দুঃসংবাদের ওপরে দুঃসংবাদ। কোভিড ১৯ মহামারীতে বিধ্বস্ত আমেরিকার ফ্লোরিডা। তার ওপরে আটলান্টিক মহাসাগরে শুরু হচ্ছে ঘূর্ণিঝড়ের মরসুম। একদিকে যখন মহামারীতে রোজ হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন, তার ওপরে ঘূর্ণিঝড় আঘাত হানলে কী করে সামলানো যাবে ভেবেই পাচ্ছে না প্রশাসন। তবে একটা ব্যাপার পরিষ্কার। সাধারণ সময়ে ঘুর্ণিঝড়ের জন্য যে নির্দেশিকা প্রকাশিত হয়, মহামারীর সময় তা হবে অন্যরকম।
ফ্লোরিডা ডিভিশন অব এমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রাক্তন ডিরেক্টর ব্রায়ান কুন বলেন, "কোভিড খুব খারাপ জিনিস। হ্যারিকেনও খুব খারাপ। দু'টো খারাপ জিনিস একত্র হলে অবস্থা শোচনীয় হবে।"
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের আবহবিদরা আরও ভয়ের কথা শুনিয়েছেন। চলতি বছরে হ্যারিকেন আসবে অন্যান্য বছরের তুলনায় বেশি। প্রতি বছর জুলাই থেকে নভেম্বরের মধ্যে সাধারণত চারটি বড় হ্যারিকেন আসে। তাদের গতিবেগ হয় গড়ে ঘণ্টায় ১১০ কিলোমিটার।
ফ্লোরিডার গভর্নর রিক ডি স্যান্টিস বলেন, "আমরা সবচেয়ে খারাপ অবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছি।"
প্রতি বছর হ্যারিকেনের সময় ফ্লোরিডার বাসিন্দারা আগে থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখেন। অনেককে বাড়ি ছেড়ে চলে যেতে হয়। তাঁরা সরকারের শেল্টারে আশ্রয় নেন। ঝড় থেমে গেলে বাড়ি ফেরেন। তখন অনেককে বাড়িঘর সারাতে হয়। কিন্তু এবছর হ্যারিকেন এলে মানুষকে শেল্টারে রাখা মুশকিল। সেখানে একসঙ্গে অনেক লোক থাকেন। কোভিড ১৯ মহামারীর জন্য সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এই অবস্থায় অনেকে মিলে কীভাবে শেল্টারে আশ্রয় নেবেন?
করোনাভাইরাসের সংক্রমণে ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ২০০০-এরও বেশি মানুষের। মার্কিন মুলুকের পরিসংখ্যান দেখে আতঙ্কিত বিশ্ববাসী। মৃতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুসারে শুক্রবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। একদিনে মারা গিয়েছেন ২১০৮ জন। এই প্রথম কোনও দেশে করোনাভাইরাসের সংক্রমণে এত বেশি মানুষ মারা গিয়েছেন। তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এর আগে একদিনে দু’হাজারেরও বেশি মৃত্যু হয়নি কোনও দেশে।
মার্কিন মুলুকে এখন কোভিড ১৯ আক্রান্তের মোট সংখ্যা ৫,০২,৮৭৬। মৃত্যু হয়েছে ১৮,৭৪৭ জনের। সুস্থ হয়েছেন ২৭,৩১৪ জন। সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্কের। এখানেই মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। নিউ ইয়র্কে মৃতের সংখ্যা ৭৮৪৪ জন। আক্রান্তের সংখ্যা মোট ১,৭২,৩৫৮। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৬,৯৯,৬৩২। মৃত্যু হয়েছে ১,০২,৭৩৪ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ইউরোপের এই দেশে কোভিড- ১৯ সংক্রমণে মৃতের সংখ্যা ১৮,৮৪৯। তার থেকে সামান্যই পিছনে রয়েছে আমেরিকা। বিশেষজ্ঞদের মতে, ট্রেন্ড অনুযায়ী যেভাবে আমেরিকা ইতালির পথে এগোচ্ছে তাতে হয়তো মৃতের সংখ্যার নিরিখে খুব শীঘ্রই ইতালিকে ছাপিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র।